ভোট শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দলের সহকর্মীদের ধন্যবাদ জানান জেফরিস। তিনি লেখেন, ‘একসঙ্গে আমরা সাহসী পরিবর্তন আনব এবং মার্কিন জনগণের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটাব!’ এর আগে ভোট শুরুর ঠিক আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে বাইবেলের একটি বাণী পোস্ট করেছিলেন তিনি।
নিজের নেতৃত্ব নিয়ে দলের প্রগতিশীল অংশের মধ্যে অসন্তোষ বাড়তে থাকায় বুধবার দলীয় সদস্যদের রেকর্ডকৃত ভোট দেয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন জেফরিস। চলতি মাসে নির্বাচিত হওয়া নতুন সদস্যদের কয়েকজন জেফরিসকে সমর্থন দেবেন কি না, তা আগে জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তাদের দাবি ছিল এমন একজন নেতার, যিনি তাদের নির্বাচনি প্রচারণার সাহসী ও জনবান্ধব নীতিগুলোকে সমর্থন করবেন। শেষ পর্যন্ত কিছু বিরোধিতা সত্ত্বেও হাউস ডেমোক্র্যাটিক ককাসের ভোটে বিপুল সমর্থন পান জেফরিস। তার পক্ষে ভোট দেন ২৫১ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন মাত্র ১১ জন।
জেফরিসের বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম সোচ্চার ছিলেন ওহাইও অঙ্গরাজ্য থেকে নবনির্বাচিত কংগ্রেস সদস্য ডন লিওনার্ড। ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ এবং সুপ্রিম কোর্টের সিটিজেনস ইউনাইটেড মামলার মাধ্যমে নির্ধারিত নির্বাচনি তহবিলের নিয়ম সংস্কারসহ প্রগতিশীলদের কিছু অগ্রাধিকারের বিষয়ে নিশ্চয়তা না পেলে তিনি জেফরিসকে সমর্থন দেবেন না বলে জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ওহাইওর এই ডেমোক্র্যাট নেতা বলেন, ‘গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে লিহি আইনের মতো আমাদের দেশের আইনগুলো কার্যকর করতে এবং এই সংকটের মূল কেন্দ্রবিন্দু সিটিজেনস ইউনাইটেড ইস্যুর সমাধানে স্পিকার জেফরিস প্রতিশ্রুতিবদ্ধ না হলে তিনি আমার ভোট পাবেন না।’
ইসরাইল বিষয়ে নিজের অবস্থান এবং আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) মতো ইসরাইলপন্থি লবিং গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের কারণে দলের ভেতরেই সমালোচনার মুখে পড়েছেন জেফরিস। মঙ্গলবার দ্য আটলান্টিক সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে সেই সমালোচনার জবাবে মধ্যপ্রাচ্যে বড় ধরনের পরিবর্তন এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানান তিনি।
বুধবার জেফরিসের বিপক্ষে ভোট দেয়া সদস্যদের মধ্যে সাতজন নবনির্বাচিত ডেমোক্র্যাট রয়েছেন। তাদের মধ্যে আছেন নিউ ইয়র্কের দারিয়ালিজা আভিলা শেভালিয়ার ও ক্লেয়ার ভালদেজ, নিউ জার্সির অ্যাডাম হামাউই, কলোরাডোর মেলাত কিরোস, মিশিগানের ডোনাভান ম্যাককিনি এবং পেনসিলভানিয়ার ক্রিস র্যাব। আল জাজিরাকে দেয়া এক যৌথ বিবৃতিতে তারা জানান, সবার জন্য স্বাস্থ্যসেবা বা মেডিকেয়ার ফর অল, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) ভীতি প্রদর্শন বন্ধ করা, রাজনীতিকে অর্থের প্রভাবমুক্ত করা কিংবা গাজায় গণহত্যা বন্ধের মতো নীতিগুলোর বিষয়ে জেফরিসের কাছ থেকে প্রতিশ্রুতি না পাওয়ায় তারা বিরোধিতা করেছেন।
বিবৃতিতে এই হবু আইনপ্রণেতারা লেখেন, ‘আমরা অর্থবহ অগ্রগতি দেখতে পেলেও আসন্ন কংগ্রেসে আমাদের দল যে পথে এগোবে, তা যাতে আমাদের ভোটারদের দাবির প্রতিফলন ঘটায়, সে জন্য এখনো কাজ বাকি রয়েছে। সেই আলোচনাগুলো চলমান রয়েছে। তাই আজ ককাসে আমাদের ভোট ছিল না-সূচক।’ টেক্সাসের আরেক হবু সদস্য ফ্রেডেরিক হেইনসের নাম ওই যৌথ বিবৃতিতে থাকলেও পরে পৃথক এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন যে অসুস্থতার কারণে তিনি বুধবারের ভোটে অংশ নিতে পারেননি।
তবে বেশির ভাগ ডেমোক্র্যাট সদস্যই স্পিকার পদে জেফরিসের মনোনয়নের প্রশংসা করেছেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে যাচ্ছেন জেফরিস। দুই দফায় আট বছর প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করা বিদায়ী কংগ্রেস সদস্য ন্যান্সি পেলোসি সামাজিক যোগাযোগমাধ্যমে জেফরিসের হাত ধরে রাখা একটি ছবি পোস্ট করে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লেখেন, ‘অভিনন্দন, মনোনীত স্পিকার হাকিম জেফরিস!’
এর আগে ২০২৩ সালে তৎকালীন রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাককার্থিকে তার দলের সদস্যরা সরিয়ে দেয়ার পর বর্তমান স্পিকার মাইক জনসনের বিপরীতে জেফরিসকে স্পিকার পদের জন্য সামনে এনেছিলেন ডেমোক্র্যাটরা। তবে বুধবারের ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত হলেন তিনি। আগামী ৩ জানুয়ারি ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন কংগ্রেসের শপথ গ্রহণ এবং পূর্ণাঙ্গ কক্ষে নতুন স্পিকার নির্বাচনের ভোট অনুষ্ঠিত হলে মাইক জনসনের স্থলাভিষিক্ত হবেন হাকিম জেফরিস।





