আইসিজের রায়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা

রোহিঙ্গা
এখন জনপদে
দেশে এখন
0

রোহিঙ্গা গণহত্যার বিচার ও নিজ দেশে ফিরতে অপেক্ষার প্রহর গুনছেন লাখো রোহিঙ্গা। স্বদেশে ফেরার প্রত্যাশা নিয়ে, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের অপেক্ষায় আছেন কক্সবাজার আশ্রয়শিবিরে থাকা ১৩ লাখের বেশি রোহিঙ্গা। ন্যায়বিচারের পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরির আশায় রয়েছেন তারা।

দীর্ঘদিনের বাস্তুচ্যুতি আর নাগরিকত্বহীনতার অবসান চান বাংলাদেশে অবস্থানরত ১৩ লাখের বেশি রোহিঙ্গা। মিয়ানমারের বিরুদ্ধে করা রোহিঙ্গা গণহত্যার মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আন্তর্জাতিক বিচার আদালতে। ১৯ নভেম্বর এই রায়কে ঘিরে প্রত্যাবাসনের আশায় বুক বাঁধছেন কক্সবাজারে থাকা রোহিঙ্গারা।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচারে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখের বেশি রোহিঙ্গা। এর আগেও আশ্রয় নিয়েছে আরও কয়েক লাখ। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি।

নৃশংসতার বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। অভিযোগ আনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাধ্যমে ১৯৪৮ সালে জাতিসংঘ গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মিয়ানমার। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে এবার মামলার গুরুত্বপূর্ণ রায়।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সবাই আশা করছে যে আন্তর্জাতিক বিচার আদালত সাক্ষী-প্রমাণ শেষে গাম্বিয়ার পক্ষে তথা রোহিঙ্গাদের পক্ষে একটি রায় দেবে।’

আন্তর্জাতিক আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার আশা রোহিঙ্গা নেতাদের। তাদের প্রত্যাশা, এই রায় নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরিতেও ভূমিকা রাখবে।

রোহিঙ্গাদের মধ্যে একজন নারী বলেন, ‘আইসিসির (আন্তর্জাতিক বিচার আদালত) মামলা আরার বেশি দিন যাতন ন হইয়ে, যাতন বাদ ন হরি আরা আগিয়ে গিয়ে। আইসিসিদে আল্লাহ এসো দে ১০ বছরই, ১০ বছর হন আরা বাংলাদেশত রাইখতা ন আনে বেশি শুকরিয়া।’

অন্য একজন বলেন, ‘তো আনার বাবা অইতো দাদা আরা তো হনা কাম ফয়সালা ন মাতাসে, আরা আল্লাহ কার সুন্দর বউ লই আরা আশা করি ইয়ারে রাইখতা ন। নিজের হক খান নিজের রাইট খান ফাইয়োরে খুশির সাতে মানে বাংলাদেশ সরকার লই লইয়োরে আরা নিজের দেশত মজা গইরজ্জি নিয়ে আরা আশা করি।’

আরও পড়ুন:

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের বলেন, ‘একখান রোহিঙ্গাইয়ে বিচার ফাইবো দেহিয়ান রোহিঙ্গা জেনোসাইড যে ইয়ান। দুই নম্বর তই রোহিঙ্গা জলদি দেশত যাই ফারিয়্যু দেহিয়ান। তিন নম্বর তই রোহিঙ্গার জেনোসাইড যে ইয়ান প্রবলেম ইন্টারন্যাশনাল কমিউনিটি তুন রোহিঙ্গারে প্রোটেকশন দিয়া ফারিয়্যু দে।’

শুধু রায় ঘোষণা নয়, এর বাস্তবায়ন এবং মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার দাবি এই রোহিঙ্গা নেতার।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার প্রতিষ্ঠাতা সভাপতি ছৈয়দ উল্লাহ বলেন, ‘আঁই আরজ গইজ্জুম বাংলাদেশ গভর্মেন্টত্তুনও বেশি এফেক্টিভ একখান স্টেপ লইয়্যোরে স্ট্রংলি মুভ গইক্কা যাইবাল্লা। যেহেতু ইয়ান একখান সুযোগ, সুযোগে আনেরা হাজর লাগাই রোহিঙ্গার মামলা সলিউশন আইবাল্লা।’

বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত।

কক্সবাজার জ্যেষ্ঠ সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু বলেন, ‘এই রোহিঙ্গাদের মামলার এই রায়ের মাধ্যমে কক্সবাজারে যে ১০-১২ লাখ রোহিঙ্গা এখানে রিফিউজি হিসেবে আছে, তাদের স্বদেশে প্রত্যাবাসনের একটা পথ সৃষ্টি হবে এবং তাদের একটা টেকসই প্রত্যাবাসন এবং তাদের নাগরিকত্বের বিষয়টাও আশা করি এই রায়ের মাধ্যমে উঠে আসবে।’

দীর্ঘ বছরের অপেক্ষা আর অনিশ্চয়তা কাটিয়ে এবার ন্যায়বিচার পাওয়ার পাশাপাশি স্বদেশে ফিরতে পারবে, এমনটাই প্রত্যাশা লাখো রোহিঙ্গার।

এসএস