ঝিনাইদহে প্রাইভেট কারে অবৈধ মাদকদ্রব্য বহন, আটক ১

আটক ব্যক্তি
অপরাধ
এখন জনপদে
0

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘স্কাফ’সহ এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।​

গতকাল (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের বগা এলাকায় যাদবপুর-মহেশপুর সড়কে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম তানজিল আকন ওরফে ইমরান (২৭)। তিনি বরগুনা জেলার তালতলী থানার শারিকখালী গ্রামের বাসিন্দা ও মো. রহিমের ছেলে।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগা গ্রামের যাদবপুর-মহেশপুর পাকা সড়কে চেকপোস্ট বসায় বাহিনীর একটি আভিযানিক দল। একপর্যায়ে একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ১ হাজার ৪৩১ বোতল স্কাফ উদ্ধার করা হয় এবং চালক বা সংশ্লিষ্ট তানজিল আকনকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদক ও জব্দ করা প্রাইভেট কারটি সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফএস