মানিকগঞ্জ শহরের খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ থানা
এখন জনপদে
0

মানিকগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি।

আজ (শুক্রবার, ২০ নভেম্বর) সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আরিফ মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাবার দোকানে যান আরিফ। পরে খালের পাড়ে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। এরপর স্বজন ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার খালের পাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে পানিতে পড়ে যাওয়ার সন্দেহ করেন স্বজনেরা।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় খালে তল্লাশি শুরু করে। প্রায় এক ঘণ্টা খোঁজাখুজির পর সদর পুলিশ ফাঁড়ির পাশের সেতুর নিচ থেকে আরিফের মরদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দীন বলেন, ‘দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। নিখোঁজ যুবকের জুতা যেখানে পাওয়া গেছে, সেই স্থানকে কেন্দ্র করে খালে তল্লাশি চালানো হয়। পরে প্রায় ৬০ ফুট দূরে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবকের নিখোঁজের খবর পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এফএস