যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
এখন জনপদে
0

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে যশোর সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সম্মানে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের। আজ (শনিবার, ২১ নভেম্বর) যশোর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, কূটনৈতিক কার্যক্রম এবং বিভিন্ন জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।’

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত আক্রমণের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবসের সূচনা হয়।

এএইচ