পোল্যান্ডে কী ঘটেছে?
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ওয়াডিসওয়াও কোসিনিয়াক-কামিশ রাজধানী ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে জানান, ২০ নভেম্বর রাতভর রাশিয়ার হামলার সময় দুটি ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন পোল্যান্ডের ভূখণ্ডে এসে পড়ে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের নোভি লিপোভিয়েৎজ ও রুদনিক নাদ সানেম এলাকায় ক্ষেপণাস্ত্র দুটি এবং মলোদিচে জেটচালিত ড্রোনটি বিধ্বস্ত হয়।
ইউরোপীয় সেনাদের সামরিক মহড়ার স্থান থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) দূরে একটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) ভেতরে একটি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) ভেতরে একটি জেটচালিত ড্রোন আঘাত হানে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওই রাতে ইউক্রেনে অন্যতম ভয়াবহ হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ৪০০টির বেশি ড্রোন এবং গুচ্ছ বোমাবিশিষ্ট কয়েকটি ক্ষেপণাস্ত্রসহ ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিলিয়ে অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং ২৪ জনের বেশি আহত হয়েছেন।
রুশ ক্ষেপণাস্ত্র কেন পোল্যান্ডের আকাশসীমায় ঢুকল?
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, তারা রাশিয়ার একটি ‘ইচ্ছাকৃত উসকানি’ মোকাবিলা করছেন বলেই মনে হচ্ছে। পোল্যান্ডে ইউরোপীয় সামরিক মহড়ার সময়ের সঙ্গে মিলিয়েই এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনে স্থিতিশীলতা ফেরানো এবং দেশটির সামরিক বাহিনী পুনর্গঠনে সম্ভাব্য মিশনের প্রস্তুতির অংশ হিসেবে গত ৯ নভেম্বর দক্ষিণ-পূর্ব পোল্যান্ডে দুই সপ্তাহব্যাপী এই নজিরবিহীন মহড়া শুরু হয়।
ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের ক্লিনটন ইনস্টিটিউটের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস আল জাজিরাকে বলেন, রাশিয়া কত দূর যেতে পারে তা পরীক্ষা করে দেখার যে ধারা কয়েক মাস ধরে চলছে, এই ঘটনা তারই অংশ। তিনি বলেন, ‘কয়েক মাস আগে আকাশসীমায় ড্রোন ওড়ানো হচ্ছিল, এমনকি কয়েকবার তারা বাল্টিক দেশগুলোর সীমান্ত পেরিয়ে যুদ্ধবিমানও উড়িয়েছে। ন্যাটো কীভাবে সাড়া দেয়, তা তারা পরীক্ষা করে দেখে।’ তার মতে, এবার ১১টি দেশের মহড়ার স্থানের কাছেই গোটা দুই ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ছুড়ে মস্কো আরও এক ধাপ এগিয়েছে। এর আগে বারবার আকাশসীমা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর দেশের পূর্বাঞ্চলের আকাশসীমা সুরক্ষিত রাখতে প্রতিরোধমূলক বিমান টহল শুরু করে পোলিশ বিমানবাহিনী।
রাসমুসেন গ্লোবালের ভূরাজনীতি বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক হ্যারি নেদেলকু বলেন, রাশিয়ার এই পরীক্ষা কেবল পোল্যান্ডেই সীমাবদ্ধ নেই। যুদ্ধ চলাকালে ন্যাটো মিত্র পোল্যান্ড ও রোমানিয়ার পাশাপাশি ন্যাটোর বাইরের দেশ মলদোভাতেও বারবার এমন পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বিশেষ করে গত কয়েক মাসে মলদোভার ভূখণ্ড ও আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ওড়ার সংখ্যা বেড়েছে। ঘটনাটিকে মস্কোর যুদ্ধের মূল লক্ষ্যের সঙ্গে যুক্ত করে তিনি বলেন, প্রায় পাঁচ বছর ধরে চলা সর্বাত্মক অভিযানে রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনকে ন্যাটোর সদস্য হওয়া থেকে বিরত রাখা এবং ন্যাটোকে দুর্বল করা। ন্যাটোর যৌথ প্রতিরক্ষা সংক্রান্ত অনুচ্ছেদ ৫-এর আওতায় পড়ে না—ঠিক এমন মাত্রায় ন্যাটো ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়ে জোটটির সহ্যের সীমা এবং হাইব্রিড যুদ্ধ কত দূর নেয়া যায়, তা পরখ করছে রাশিয়া। অনুচ্ছেদ ৫ অনুযায়ী, জোটের কোনো এক সদস্য সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে সব সদস্যের ওপর হামলা হিসেবে গণ্য করা হয়।
ঠিক এই সময়ে কেন ঘটল?
বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের জন্য ন্যাটোর আদলে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে রাশিয়া ‘স্বস্তিতে’ থাকবে বলে তিনি বিশ্বাস করেন। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন কুশনার ও অপর বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে এই প্রক্রিয়ায় ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
বার্লিন বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদের বিষয়টি আবারও বিবেচনা করা উচিত। তবে রুশ পররাষ্ট্র উপমন্ত্রী সের্গেই রিয়াবকভ তা নাকচ করে বলেছেন, পশ্চিমা সামরিক জোটে কিয়েভের যেকোনো ধরনের ‘আধা সদস্যপদও’ মস্কোর কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য।
অধ্যাপক স্কট লুকাসের মতে, পোল্যান্ডের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র প্রবেশের এই সময়টির সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চলমান শান্তি আলোচনার ঘনিষ্ঠ যোগসূত্র থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘আলোচনায় ইউরোপকে পুরোপুরি বাদ দেয়ার বিষয়টি রাশিয়া প্রকাশ্যে দেখাতে পারে না। আবার ইউক্রেনের জন্য যুদ্ধবিরতি বা নিরাপত্তা নিশ্চয়তার আলোচনা এড়াতেই ক্রেমলিন পুরো ইউরোপজুড়ে নিরাপত্তা কাঠামোর কথা তুলছে। আলোচনার টেবিলে একটি শক্তিশালী ইউরোপকে দেখার বদলে তারা ইউরোপকে বিভক্ত করতে, অস্থির করতে এবং ভয় দেখাতে চায়।’ এছাড়া অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কের্চ সেতুতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ নেয়ার যে অঙ্গীকার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করেছিলেন, তার জের ধরেই শুক্রবারের বড় হামলাটি চালানো হয় বলে মনে করেন তিনি।
পোল্যান্ড ও ন্যাটো কীভাবে সাড়া দিয়েছে?
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এই ক্ষেপণাস্ত্র ঘটনাকে পোল্যান্ডের আকাশসীমার ‘গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ঘটনাটি স্পষ্টতই বিপজ্জনক এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধেরই পরিণতি। চলতি সপ্তাহান্তে রুটের পোল্যান্ড সফরের কথা রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ঘটনাটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন এবং জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় একে রাশিয়ার চলমান উসকানির আরেকটি উদাহরণ বলে উল্লেখ করেছে। তবে এর কয়েক ঘণ্টা আগেই আগের অনুপ্রবেশের ঘটনাগুলোকে হালকা করে দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘পুতিন ভুলবশত পোল্যান্ডে ড্রোন এবং ছোটখাটো দু-একটি ক্ষেপণাস্ত্র ফেলেছেন।’
বিশ্লেষক নেদেলকু জানান, ওয়ারশ এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে এবং বিদ্যমান ইস্টার্ন সেন্ট্রি মিশনের আওতায় ন্যাটোর কাছে আরও সহায়তা চাইছে। আকাশপথে আগাম সতর্কবার্তা দেয়ার উড়োজাহাজ বা এ ধরনের কোনো সহায়তা হয়তো দেয়া হতে পারে। তবে পোল্যান্ড এখনো ন্যাটোর অনুচ্ছেদ ৪ সক্রিয় করার পথে হাঁটেনি। অনুচ্ছেদ ৫ সক্রিয় করার আগে মিত্রদের মধ্যে জরুরি আলোচনার জন্য এই অনুচ্ছেদ ব্যবহার করা হয়। বারবার ব্যবহার করলে এর গুরুত্ব কমে যেতে পারে—এমন চিন্তা থেকেই হয়তো মিত্ররা এটি ব্যবহারে সংযত রয়েছে।
স্কট লুকাসের মতে, ইউরোপীয় নেতাদের প্রকাশ্য নিন্দাই মস্কোর জন্য একটি বার্তা যে তাদের কর্মকাণ্ড সবাই বুঝতে পারছে, তবে কেবল দুটি ক্ষেপণাস্ত্রের জন্য সর্বাত্মক সামরিক সংঘাতে জড়ানো হবে না। এর জবাবে স্থল, বিমান, নৌ ও সাইবার প্রতিরক্ষা এবং অপপ্রচার রোধে ১৯৮০-এর দশকের পর সবচেয়ে নিবিড় প্রতিরক্ষামূলক প্রস্তুতি নেয়া হতে পারে বলে মনে করেন তিনি। এদিকে একই দিনে ডেনমার্কের গোয়েন্দা সংস্থা কোপেনহেগেনের কাছে একটি কনসার্টে ইউক্রেনীয়-মার্কিন র্যাপার কিয়েভস্টোনারকে হত্যার রুশ ষড়যন্ত্র উদ্ঘাটনের পর রাশিয়ার প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটি।
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কি ন্যাটোর অনুচ্ছেদ ৫ সক্রিয় হতে পারে?
সম্ভবত না। অনুচ্ছেদ ৫ অনুযায়ী কোনো এক মিত্রের ওপর হামলাকে ৩২টি সদস্যদেশের সবার ওপর হামলা হিসেবে দেখা হলেও এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না; বরং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যার জন্য সব সদস্যের সম্মতি প্রয়োজন। এর বদলে পোল্যান্ড কেবল জরুরি আলোচনার জন্য অনুচ্ছেদ ৪ সক্রিয় করতে পারে, যেমনটি তারা ২০২৫ সালের সেপ্টেম্বরে রুশ ড্রোন আকাশসীমায় ঢোকার পর করেছিল।
লুকাস বলেন, সংঘাতকে আরও ছড়িয়ে পড়তে না দিয়ে ইউক্রেনে রাশিয়ার জয় ঠেকাতে চায় ন্যাটো সদস্যরা। ফলে অনুচ্ছেদ ৫ সক্রিয় করার মানদণ্ড অনেক উঁচুতে রাখা হয়েছে। কেবল পোল্যান্ডের ওপর রাশিয়ার ধারাবাহিক হামলা হলেই অনুচ্ছেদ ৫ কার্যকর হতে পারে। এছাড়া মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ যখন সমঝোতার চেষ্টা চালাচ্ছেন, তখন ন্যাটো আলোচনা ভন্ডুলকারী হিসেবে চিহ্নিত হতে চায় না। লুকাসের মতে, যুক্তরাষ্ট্র চুক্তির জন্য এতটাই মরিয়া যে তারা পরিস্থিতি ঘোলাটে করে ফেলছে। যুদ্ধবিরতি অস্থিতিশীল হওয়ার শঙ্কায় এই মুহূর্তে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বাস্তব সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, মূল লক্ষ্য হওয়া উচিত ইউক্রেনকে ন্যাটো সদস্যের সমতুল্য নিরাপত্তা নিশ্চয়তা দেয়া।
এ ঘটনায় কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে?
বিশ্লেষকেরা বলছেন, এই মুহূর্তে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা কম। নেদেলকুর মতে, ন্যাটো কঠোর অবস্থান দেখানোর কোনো ইঙ্গিত না দেয়ায় জোটটির সহ্যের চূড়ান্ত সীমা কোথায় তা দেখতে রাশিয়া এ ধরনের পরীক্ষা চালিয়েই যাবে। অন্যদিকে স্কট লুকাস মনে করেন, সরাসরি হামলার চেয়ে সাইবার হামলা ও অপপ্রচারের মতো হাইব্রিড বা ‘গ্রে জোন’ যুদ্ধের বিস্তৃত অভিযানই এখন সবচেয়ে বড় হুমকি। অনিচ্ছাকৃতভাবে সংঘাত বাড়ার ঝুঁকি সব সময় থাকলেও এখনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে—এমনটি বলতে চান না তিনি।
ইউক্রেনের ভেতরে বর্তমানে সম্মুখসারির স্থলযুদ্ধ অনেকটা স্থবির হয়ে থাকলেও গ্রীষ্মের শেষ দিক থেকে আকাশপথে হামলা ব্যাপক বেড়েছে বলে জানান নেদেলকু। তার মতে, সম্মুখযুদ্ধে ইউক্রেনকে ভাঙতে না পেরে দেশটির জ্বালানি গ্রিড, পানি সরবরাহ, সেতু, রেলপথ ও রসদ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে শহরগুলোকে বসবাসের অনুপযোগী করতে এবং অর্থনৈতিক ও মানসিকভাবে বেসামরিক জনগণকে ভেঙে দিতে চাইছে রাশিয়া। আর লুকাসের মতে, রাশিয়ার শোধনাগার, রাসায়নিক ও প্রকৌশল কারখানা এবং সেতুগুলোতে ইউক্রেনের নিজস্ব পাল্টা হামলার মাধ্যমেই কেবল মস্কোর ওপর চাপ বাড়ানো সম্ভব, যাতে ইউরোপ ও ন্যাটোর সমর্থন থাকলেও ট্রাম্প প্রশাসনের সমর্থন নেই।
—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে





