চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে মা-মেয়ের মৃত্যু

শিবগঞ্জ থানা
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২২ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন; উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজ নগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তার মেয়ে লিমু খাতুন (১৭)।

স্থানীয় বাসিন্দা আব্দুর সবুর বলেন, ‘সকালে বাড়ির সামনে নিজেদের দোকানের গেট খুলতে গিয়ে নিরাপত্তার জন্য লাগানো লোহার রডে হাত দেন মিলি। এ সময় রডে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে এগিয়ে গেলে মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়।’

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি কার্যক্রম শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এফএস