গতকাল (শনিবার, ২১ নভেম্বর) বিকেলে কক্সবাজারের একটি হোটেলে ডয়েচে ভেলে একাডেমির উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমের ৮০ জন সাংবাদিক অংশ নেন।
নাতাশা শোয়াংকে বলেন, ‘বর্তমান ডিজিটাল ও এআইয়ের যুগে বিশ্বজুড়ে সাংবাদিকতা চর্চার গুরুত্ব নিয়ে নানা আলোচনা চলছে। এখন এআই ব্যবহার করে সংবাদ লেখা সম্ভব হলেও মাঠ পর্যায়ের তথ্য যাচাইয়ের সক্ষমতা এখনো এআইয়ের তৈরি হয়নি। তাই সাংবাদিকতার ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।’
তিনি আরও বলেন, ‘গুজব এখন শুধু বাংলাদেশের নয়, বরং পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়া ঠেকাতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতার চর্চা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে ঘিরে ভুল তথ্য, অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় বিভিন্ন সময়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডয়েচে ভেলে একাডেমির প্রকল্প ব্যবস্থাপক মাইনুল ইসলাম খান ও প্রকল্প কর্মকর্তা মাফিয়া মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডায়ালগ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর আন্দ্রিয়া মার্শাল। তিনি প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালা থেকে অর্জিত অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরেন বাংলাদেশ বেতার কক্সবাজারের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী, কক্সবাজার প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী এবং টিটিএনের সিইও তৌফিকুল ইসলাম লিপু। এ ছাড়া উন্মুক্ত মতামত পর্বে সাতজন প্রশিক্ষণার্থী তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডয়েচে ভেলে একাডেমির এশিয়া ইউনিটের প্রধান সাবিনা ক্যাসাগ্রান্ডে। তিনি সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও দায়িত্বশীল গণমাধ্যম চর্চায় এ ধরনের প্রশিক্ষণ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। শেষ পর্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন ডয়েচে ভেলে একাডেমির অতিথিরা।





