নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ
পরিবেশ অধিদপ্তরের অভিযান
এখন জনপদে
1

বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ইটভাটার অবকাঠামো এক্সক্যাভেটর দিয়ে আংশিক ভেঙে ফেলা হয়েছে এবং বাকি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আজ (রোববার, ২২ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব গোপালনগর, বক্তাবলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে মেসার্স এন বি এম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্স—এই তিনটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)-এর বিভিন্ন ধারায় প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযানকালে মেসার্স এন বি এম ব্রিকস-৩-এর অবকাঠামো এক্সক্যাভেটর দিয়ে আংশিক ভেঙে দেয়া হয়। একই সঙ্গে তিনটি ইটভাটার সব ধরনের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ