ষড়যন্ত্র করে আপনাদের আপাকে ফিরিয়ে আনা যাবে না: মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন
এখন জনপদে
0

জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে নতুন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আপনাদের আপাকে ফিরিয়ে আনার স্বপ্ন বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। আজ (রোববার, ২২ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। যাদের হত্যা করেছেন এ তাজা প্রাণের জবাব আপনি দিতে পারবেন না। আবু সাঈদ-মুগ্ধকেও ফেরত দিতে পারবেন না। অতএব দেশের প্রচলিত আইন মতে আপনার বিরুদ্ধে যেটা ব্যবস্থা নেয়া হবে, যে বিচার হবে সে বিচারের সম্মুখীন হন। অন্যথায় দেশের জনগণ আপনার বিচার করতে দ্বিধাবোধ করবে না।’

এমপি ফায়সল আরো বলেন, ‘সোজা সাধারণ নাগরিকের মত জীবন যাপন করেন। আর যদি এ সমস্ত অপতৎপরতার সঙ্গে লিপ্ত হন দেশের জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না।’

এমপি ফয়সল বলেন, ‘বর্তমান সরকারের অধীনে দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে এই দেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত ও ঘোলাটে করার জন্য স্বৈরাচারের কোন প্রকার ষড়যন্ত্রকে আমরা মেনে নেব না।’

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর উদ্দেশ্যে মির্জা ফয়সল বলেন, ‘যারা এ সংগঠনের এখনো নতুন করে কমিটি করে নেতৃত্ব দেবার চেষ্টা করছেন তাদের বলবো, এ ভুল করবেন না। ভদ্রলোকের মত জীবন যাপন করুন। আর যাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আছে তারা প্রস্তুত হয়ে যান আগামীতে লাল ঘরের ভাত খাওয়ার জন্য। এ দেশের মাটিতেই আপনাদের বিচার করা হবে।’

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিটি পাড়া-মহল্লায় সচেতন থাকতে সকলকে অনুরোধ করা হল। সেই সাথে কোথাও এই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটিভিজ আপনাদের চোখে পড়লে মুহূর্তের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দিয়ে তাদের আইনের হাতে তুলে দেবেন।’

এর আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এএইচ