প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত যোগাযোগের মাধ্যমগুলো কাজ না করায় নিউ ইয়র্কে জাতিসংঘে উত্তর কোরিয়ার কূটনৈতিক মিশনের মাধ্যমে কিমকে ব্যক্তিগত চিঠি পাঠানোরও চেষ্টা করেছিলেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। তবে কোনো চেষ্টাতেই সরাসরি আলোচনার পথ খোলেনি। সম্প্রতি এশিয়া সফরকালে মার্কিন কর্মকর্তারা দুই নেতার মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনাও যাচাই করে দেখেছিলেন। কিন্তু উত্তর কোরিয়া এমন কিছু শর্ত সামনে আনে, যা যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেয়া সম্ভব ছিল না। ফলে সেই আলোচনাও ভেস্তে যায়।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি করতে মার্কিন কর্মকর্তারা বেশ কিছু প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন। এর মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘোষণা, লিয়াজোঁ অফিস খোলা এবং উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি তাৎক্ষণিকভাবে বন্ধের দাবি থেকে সরে এসে কিছুটা নমনীয় ভাষা ব্যবহার করা। এর বিনিময়ে ভবিষ্যতে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর সীমাবদ্ধতা আরোপের আশা করেছিল ওয়াশিংটন। বিশেষজ্ঞদের মতে, এমন প্রস্তাব বাস্তবায়িত হলে তা উত্তর কোরিয়ার পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ ঘিরে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিত।
তবে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা শনিবার পত্রিকাটিকে বলেছেন, কিমের সঙ্গে বৈঠক আয়োজনের কোনো চেষ্টাই করা হয়নি। হোয়াইট হাউসও জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে তারা আগের মতোই অঙ্গীকারবদ্ধ। ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তার তিনবার দেখা হয়েছিল। সিঙ্গাপুর ও ভিয়েতনামে ঐতিহাসিক শীর্ষ বৈঠকের পর ২০১৯ সালে দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক অঞ্চলে (ডিএমজেড) তারা সাক্ষাৎ করেছিলেন। সেসব বৈঠকে সাময়িকভাবে উত্তেজনা কমলেও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে শেষ পর্যন্ত কোনো স্থায়ী চুক্তি ছাড়াই আলোচনা ভেস্তে যায়।
এদিকে ২০১৯ সালে দুই নেতার সর্বশেষ বৈঠকের পর উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা ও পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে গত বছরই স্বীকার করা হয়েছিল যে, নিজের কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে আপস বা তা পরিত্যাগ করার কোনো ইচ্ছা কিমের নেই। পেন্টাগনের প্রতিবেদনেও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পারমাণবিক হামলার ক্ষেত্রে উত্তর কোরিয়া একটি ‘স্পষ্ট ও বিদ্যমান বিপদ’।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ২০-৩০টি থেকে বাড়িয়ে আনুমানিক ৬০টিতে উন্নীত করেছে। দেশটির কঠিন জ্বালানিচালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলেও দাবি করা হচ্ছে। একই সঙ্গে ইউক্রেনে রুশ অভিযানের পর মস্কোর সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর করেছে পিয়ংইয়ং। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, যুদ্ধে সহায়তা করতে রাশিয়াকে কামানের গোলা, ক্ষেপণাস্ত্র ও সেনা সরবরাহ করেছে উত্তর কোরিয়া। তবে দুই দেশই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা ও উত্তর কোরিয়াবিষয়ক মধ্যস্থতাকারী ভিক্টর চা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, পিয়ংইয়ংয়ের সক্ষমতা যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যৎ আলোচনায় পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের বদলে অস্ত্র নিয়ন্ত্রণের দিকেই মনোযোগ দিতে হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। তিনি বলেন, ‘আমার মতো মানুষের কাছে এটি যেন বনের ভেতর চিৎকার করার মতো। কেউ আসলে এদিকে মনোযোগ দিচ্ছে না।’





