ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ ও বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার: বিজিবি ডিজি

ব্রাহ্মণবাড়িয়া
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী
এখন জনপদে
0

ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ (রোববার, ২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘ডিসেম্বরে কোনো অবৈধ ও বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছেন তিনি। একই সঙ্গে পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে বিজিবি মহাপরিচালক বলেন, ‘সীমান্ত দিয়ে কারও যাওয়া-আসা বা সন্দেহজনক কোনো তৎপরতার তথ্য স্থানীয়দের কাছে থাকলে তা বিজিবিকে জানাতে হবে। তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ এসময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ