বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়, গত সাত দিনে তার ভেতরে ও আশপাশে অন্তত ২৫টি ট্যাংকারে হামলা হয়েছে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেলের প্রবাহ তীব্রভাবে কমে গেছে। মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মুখে ইরান একটি ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি হচ্ছে বলে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটছে। ইরানের হঠাৎ এই আগ্রাসী অবস্থানের নেপথ্যে কী রয়েছে এবং এটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে সংঘাত উসকে দেবে নাকি বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে দুই পক্ষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে—তা নিয়ে চলছে বিশ্লেষণ।
সাম্প্রতিক হামলাগুলো কোথায় হয়েছে?
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের হামলার সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হয়েছে বাহরাইনকে। শনিবার দেশটির রাজধানী মানামা জানায়, ইরানের হামলায় একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন ধরে যায়। সেদিন আরও বেশ কয়েকটি হামলা প্রতিহত করার দাবি করে দেশটি। অন্যদিকে আইআরজিসি জানায়, তারা বাহরাইনের আল-রিফা ও আওলি ঘাঁটিতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যৌথ অভিযান চালিয়েছে। এতে ঘাঁটি দুটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করার দাবি করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র মানামার কাছে সিত্রা দ্বীপে বিধ্বস্ত হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি করে।
আইআরজিসি জানিয়েছে, ইরানের হেনগাম দ্বীপে একটি রাডার স্থাপনায় মার্কিন হামলার বদলা হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ নজরদারি ও যুদ্ধ ড্রোনের মাধ্যমে ক্রমাগত আকাশসীমা লঙ্ঘনের জবাব হিসেবে এসব হামলার যৌক্তিকতা তুলে ধরেছে তেহরান। কয়েক সপ্তাহ লড়াই বন্ধ থাকার পর সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে তিনবার ড্রোন হামলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, শুক্রবার সন্ধ্যায় পারস্য উপসাগরের আকাশে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয় বলে শনিবার দাবি করে দেশটির সেনাবাহিনী। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি নাকচ করে বলেছে, ‘মধ্যপ্রাচ্যে সব মার্কিন যুদ্ধবিমান নিরাপদ ও অক্ষত রয়েছে।’
রোববার হরমুজ প্রণালির পূর্বে আরেকটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানি বাহিনী। আইআরজিসির দাবি, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি এই ধরনের ২০তম এবং গত ২৪ ঘণ্টায় চতুর্থ মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনা। এদিকে ব্রিটিশ সামুদ্রিক কর্তৃপক্ষ ওমানের কাছে হরমুজ প্রণালিতে অজ্ঞাত গোলার আঘাতে দুটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। তেহরানে আল জাজিরার প্রতিনিধি রেসুল সেরদার জানান, গত ১৪ নভেম্বরের পর থেকে এক সপ্তাহে অন্তত ২৫টি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণে থাকা কেশম দ্বীপে মার্কিন হামলার পর গত সপ্তাহে কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইরানি সেনাবাহিনী।
হরমুজ দিয়ে তেল রপ্তানিতে কেমন প্রভাব পড়ছে?
ইরান প্রায় প্রতিদিনই হামলা চালানোয় হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন উল্লেখযোগ্য হারে কমে গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) শুক্রবারের তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এই নৌপথ দিয়ে ২৬৩টি জাহাজ চলাচল করেছে, যা আগের সপ্তাহের চেয়ে ১৫ শতাংশ এবং তার আগের সপ্তাহের চেয়ে ২০ শতাংশ কম। এর মধ্যে তেলবাহী ট্যাংকার ছিল ৩৭টি, যা আগের সপ্তাহে ছিল ৫২টি। অবশ্য নিবন্ধনের বাইরে থাকা তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরের জাহাজগুলো হিসাবের মধ্যে না থাকায় প্রকৃত সংখ্যা কিছুটা বেশি হতে পারে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১৩৫টি জাহাজ চলাচল করত।
গত সপ্তাহে মার্কিন মেরিটাইম সংস্থা সতর্ক করে জানায়, ইরানের অবরোধের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে জাহাজের বিমা খরচ যুদ্ধ-পূর্ববর্তী শূন্য দশমিক ১০ থেকে শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার পর তা ৮৩ ডলারে নেমে এসেছে, যা এখনো যুদ্ধ-পূর্ববর্তী দামের চেয়ে ১৫ ডলারের বেশি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইএইএ) বৃহস্পতিবার জানিয়েছে, এই সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে এ পর্যন্ত ২৮০ কোটি ব্যারেল তেল এবং ৬ হাজার কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। তবে সংস্থাটি বলেছে, এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকার বিদ্যুতায়ন ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ালে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমে যেতে পারে।
কেন হামলা বাড়াচ্ছে ইরান?
হামলা জোরদারের পাশাপাশি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র অথবা কূটনীতির যেকোনো একটি বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন। বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির পাবলিক পলিসি ফেলো এবং ওয়াশিংটন ডিসির আরব সেন্টারের জ্যেষ্ঠ ফেলো রামি খৌরি আল জাজিরাকে বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা কমিয়ে আনা এবং যুদ্ধের ভোগান্তি পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দেয়াই এসব হামলার উদ্দেশ্য। এর মাধ্যমে পণ্য পরিবহন খরচ বাড়িয়ে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে চাপ সৃষ্টি করে পরোক্ষভাবে বৈশ্বিক অর্থনীতিতেও ধাক্কা দেয়া হচ্ছে। তিনি বলেন, মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ভোগান্তি ইরান আর একা পোহাবে না—এটি নিশ্চিত করাই এই কৌশলের প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্র যে নিজের বা তার আরব মিত্রদের স্থাপনা রক্ষা করতে পারছে না, তা দেখিয়ে তেহরান মার্কিন নীতিতে পরিবর্তন আনতে চায়; যাতে আরব দেশগুলো যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেয়।
এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দেশটির সংবাদমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক অবরোধকে তারা যুদ্ধের শামিল বলে মনে করেন। তিনি বলেন, ‘আমরা এই অর্থনৈতিক অবরোধকে শত্রুতামূলক পদক্ষেপ মনে করি এবং এই অবরোধ ভাঙতে আমরা প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেব।’ মার্কিন নৌ অবরোধ, স্থলপথে বাণিজ্যে বিঘ্ন এবং গত আগস্টে অপারেশন ইকোনমিক আউটকাস্টের আওতায় আরোপিত নতুন নিষেধাজ্ঞার কারণে ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার নেতৃত্ব দেয়া মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, এই নিষেধাজ্ঞার ফলে ২০২৭ সালের মার্চ নাগাদ ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হবে। ইরানি কর্তৃপক্ষ এই চাপ সামলে নেয়ার দাবি করলেও দেশটির অর্থনীতি ও সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিতে ভোগান্তির শিকার হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা আছে কি?
কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি আল জাজিরাকে বলেন, ওয়াশিংটনে যুদ্ধের ব্যর্থতা হিসেবে বিবেচিত হতে পারে—এমন কোনো চুক্তিতে ট্রাম্পের সই করার সম্ভাবনা কম। বরং চুক্তির বদলে ট্রাম্প বিজয় ঘোষণা করে যুদ্ধ থেকে সরে আসতে পারেন। তবে ইরানের ওপর নৌ অবরোধ বহাল রাখলে সামরিক সংঘাত আরও বাড়ার ঝুঁকি থাকবে। পারসি সতর্ক করে বলেন, ‘তিনি যদি অবরোধ চালিয়ে যান, তবে সংঘাত আরও বাড়বে।’ নতুন করে লড়াই ছাড়াই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে ট্রাম্পকে ধীরে ধীরে ও নীরবে অবরোধ এবং কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বলে মনে করেন তিনি।
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমাদিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরান ট্রাম্পকে দুটি পথের একটি বেছে নিতে বাধ্য করছে। ওয়াশিংটন যদি ট্যাংকারগুলো যেতে দেয়, তবে কোনো চুক্তি বা যুদ্ধ ছাড়াই মার্কিন অবরোধের অবসান ঘটবে। আর যুক্তরাষ্ট্র যদি জাহাজগুলোতে হামলা চালায়, তবে ইরান এমন জবাব দেবে যা ট্রাম্পের পক্ষে এড়ানো কঠিন হবে। এদিকে ট্রাম্প শনিবার বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে দেশটির সঙ্গে একটি ‘স্থায়ী’ চুক্তি করার পরিকল্পনা রয়েছে তার। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি জানান, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনে তার কখনোই খুব একটা আগ্রহ ছিল না এবং দেশটির নতুন নেতৃত্বকে তিনি ‘অধিকতর যৌক্তিক’ বলে মনে করেন।
—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে





