১৮ দিনে পোশাকশিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি; অর্ডার সরেছে অন্য দেশে

তৈরি পোশাক কারখানা ও বিজিএমইএর লোগো
দেশে এখন
অর্থনীতি
0

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ১৮ দিনে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে। একই সময়ে ক্রেতারা ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের পরিমাণ প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক।

আজ (রোববার, ২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংগঠনটির জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার। ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য অনুযায়ী এ ক্ষতির হিসাব করা হয়েছে। এ সময়ে কারখানাগুলো সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

বিজিএমইএ জানায়, উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য সরবরাহ করতে পারছে না অনেক কারখানা। ফলে অধিকাংশ রপ্তানি আদেশ এখন ঝুঁকির মুখে। অর্ডার ধরে রাখতে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেয়া এবং অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন উদ্যোক্তারা। এতে উৎপাদন ক্ষতির বাইরেও কারখানাগুলোর আর্থিক চাপ বাড়ছে।

জরিপে অংশ নেয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা এরই মধ্যে নিশ্চিত করা ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর মতে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তরের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ ব্যবসার সম্ভাবনার জন্য উদ্বেগজনক।

সংগঠনটি আরও জানায়, জরিপে পাওয়া পরিসংখ্যান প্রকৃত ক্ষয়ক্ষতির আংশিক চিত্র। তাদের হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরুরি জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে প্রকৃত উৎপাদন ক্ষতির পরিমাণ জরিপের হিসাবের চেয়েও বেশি হতে পারে।

এছাড়া জরিপের হিসাব ১৮ নভেম্বর পর্যন্ত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি অব্যাহত রয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছে সংগঠনটি।

বিজিএমইএর ভাষ্য, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতাও ঝুঁকির মুখে পড়েছে। দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে এ সংকট থেকে দ্রুত উত্তরণ প্রয়োজন। শিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ এবং কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এএইচ