এল চাপো ইসিদ্রো নামে পরিচিত মেজা ফ্লোরেসকে শুক্রবার আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গুয়াসাভে শহরে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী ও মাদকচক্রের বন্দুকধারীদের মধ্যে রাতভর গোলাগুলি চলে। এ সময় বন্দুকধারীরা সড়ক অবরোধ করে এবং ট্রাকে আগুন ধরিয়ে দেয়। কয়েক ঘণ্টার সহিংসতার পর শনিবার উড়োজাহাজে করে মেজা ফ্লোরেসকে রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়।
এই অভিযানে আরও দুজনকে আটক করে মেক্সিকো সিটিতে নিয়ে কৌঁসুলিদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একজন সেরাফিন নামে পরিচিত জার্মান এন, যাকে এই চক্রের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি মনে করা হয়। অন্যজন হোসে এন, যিনি চক্রটির অর্থ লেনদেনের দায়িত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টেড পলাতক আসামির তালিকায় ছিলেন মেজা ফ্লোরেস। শুরুতে বেলত্রান লেইভা মাদকচক্রের নেতৃত্বে উঠে আসা মেজা ফ্লোরেস পরে মেজা-ফ্লোরেস নামে নিজস্ব আন্তর্জাতিক অপরাধী চক্র গড়ে তোলেন। তিনি সিনালোয়া কার্টেলের একটি উপদল লস মায়োসেরও অন্যতম প্রধান মিত্র ছিলেন। গত বছর সিনালোয়া কার্টেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে মেজা ফ্লোরেসকে খুঁজছিল ওয়াশিংটন এবং তাকে গ্রেপ্তারে তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গুয়াসাভে শহরে গোলাগুলি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই আকাশে সামরিক হেলিকপ্টার ও ড্রোন উড়তে দেখা যায় এবং হেলিকপ্টার থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গুলি চালানো হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বেসবল খেলা চলাকালে গুলির শব্দে আতঙ্কিত মানুষ চিৎকার করে ছুটছেন, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বলছে এবং আকাশে চক্কর দিতে থাকা হেলিকপ্টার থেকে নিচে গুলি ছোড়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ফেডারেল কর্মকর্তা জানান, তীব্র সহিংসতার কারণে মেক্সিকোর সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনীর সদস্যরা শনিবার ভোর চারটার আগে মেজা ফ্লোরেসকে গুয়াসাভে শহর থেকে বের করে আনতে পারেননি।
অভিযানের পর গুয়াসাভে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর আধিপত্যের লড়াইয়ে বিপর্যস্ত এই অঞ্চলে মাদকচক্রের শীর্ষ নেতাদের এভাবে গ্রেপ্তার করা হলে সহিংসতার নতুন ঢেউ তৈরি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে থাকা মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তার পূর্বসূরিদের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থান নিয়েছেন। তার দুই বছরের মেয়াদে দেশটিতে হত্যাকাণ্ডের হার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
মেজা ফ্লোরেসকে গ্রেপ্তারের ঘটনায় মেক্সিকো কর্তৃপক্ষের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ) এবং মেক্সিকোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জনসন বলেন, ‘এমন ফলাফল রাতারাতি আসে না। দীর্ঘমেয়াদি সহযোগিতা ও আস্থার ভিত্তিতেই এটি সম্ভব হয়। অংশীদাররা একসঙ্গে কাজ করলে কী অর্জন করতে পারে, এটি তারই প্রমাণ।’





