সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

আটক হওয়া জেলেরা
অপরাধ
এখন জনপদে
0

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় বোটগুলো থেকে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল (সোমবার, ২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় পরিচালিত বিশেষ এ অভিযানে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছসহ ১০১ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা ট্রলিং বোট, জাল, মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ‘দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এসএস