সুনামগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ ২

সুনামগঞ্জ
নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান
এখন জনপদে
0

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করে রাখা বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ২৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নৌকার ভিতরে ঘুমিয়ে থাকা দুজন নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকরা হলেন, জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটি ৬৫০ ফুট বালুভর্তি অবস্থায় সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিকের মধ্যে দুজন নৌকার ভিতরে ঘুমিয়ে ছিলেন এবং অন্য চারজন বালুর ওপর বসে ছিলেন।

হঠাৎ রাত ২ টার দিকে নৌকার ভেতরে দ্রুত পানি ঢুকতে শুরু করে। এসময় নোঙরের রশি ছিঁড়ে গিয়ে নদীতে ডুবে যায়। এ সময় ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অপর চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু বলেন, ‘রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

এএইচ