ভবদহের জলাবদ্ধতা: ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প থেকে বাদ দেয়ার দাবি

ভবদহে টিআরএম চালুর দাবিতে আজ যশোরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এক্টিভিস্টরা
এখন জনপদে
0

যশোরের ভবদহ এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনের নামে বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প থেকে ভবদহ অঞ্চলকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পানি আন্দোলনকর্মীরা। একই সঙ্গে ভবদহের সমস্যা সমাধানে আলাদা বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং বিলে বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালুর দাবি জানানো হয়েছে।

আজ দুপুরে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ ও কৃষিমন্ত্রীর কাছে পাঠানো পৃথক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়। স্মারকলিপির অনুলিপি খাদ্যমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীকেও দেয়া হয়েছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ভবদহ জলাবদ্ধতার কথা বলে অপ্রাসঙ্গিক এলাকা যুক্ত করে এবং অবাস্তব তথ্য দিয়ে প্রকল্প থেকে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা চলছে। আন্দোলনকারীদের দাবি, সেচ প্রকল্প দিয়ে ভবদহের জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, তা অতীতে প্রমাণিত হয়েছে। ২০২০ সাল থেকে বৈদ্যুতিক সেচযন্ত্র বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টায় কোটি কোটি টাকা ব্যয় হলেও সুফল মেলেনি; বরং পলি জমে নদী ভরাট হয়ে জনদুর্ভোগ বেড়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মুক্তেশ্বরী, টেকা, হরি, তেলিগাতী ও গ্যাংরাইলসহ প্রায় ১৩০ কিলোমিটার নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় ৬০টির বেশি বিলের মানুষ জলাবদ্ধতার শিকার হচ্ছেন। আন্দোলনকারীদের মতে, চলমান নদী খনন ও স্লুইসগেটের কপাট সচল রাখার পাশাপাশি বিলে বিলে টিআরএম চালু করলে দীর্ঘমেয়াদি সমাধান আসবে। গত ১৬ মে যশোরের জাতীয় কর্মশালায় গৃহীত পরিকল্পনা ও আইডব্লিউএমের চূড়ান্ত প্রস্তাবনা বাস্তবায়নেরও দাবি জানান তারা।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, অকার্যকর সেচ প্রকল্পের বদলে নদী সচল রাখা এবং বিলে বিলে টিআরএম চালুই স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে পারে।

স্মারকলিপি জমা দেয়ার সময় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্যসচিব চৈতন্য কুমার পালসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এএম