নারায়ণগঞ্জে স্কুলশিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো রোটারি ক্লাব

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে রোটারি ক্লাবের মেডিকেল ক্যাম্পে স্কুলশিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে
এখন জনপদে
4

স্কুলশিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি।

আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) শহরের পশ্চিম দেওভোগ মাদ্রাসা বাজার এলাকার পল্লী উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেয়া হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন চিকিৎসক বাপ্পি কুমার দাসসহ কয়েকজন চিকিৎসক। বাপ্পি কুমার দাস বলেন, ‘শিশুদের মধ্যে বেশি দেখা যায়, এমন বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ঠান্ডাজনিত সমস্যা, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, অ্যালার্জি ও চুলকানি। শিশুদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাদের সামগ্রিক শারীরিক সুস্থতার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।’

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির প্রেসিডেন্ট আব্দুল কাদির জিলানী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ বলেন, ‘মানবসেবা ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’ ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।

ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান মোক্তার হোসেন টমাস, মাসুদ রানা, লুৎফর রহমান কাকন, এমরান আলী সজীব ও আনন্দ ইউসুফ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

এএম