পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু
এখন জনপদে
0

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ওই এলাকার রহমত আলীর মেয়ে রাইসা (৪) এবং তার ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা (৩)।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার তার শিশুকন্যা ফারিহাকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে থাকা একটি জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়। পুকুরপাড় পিচ্ছিল থাকায় অসাবধানতাবশত দুজনেই পানিতে পড়ে যায়।

দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে প্রথমে রাইসাকে এবং পরে ডুবন্ত অবস্থায় ফারিহাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শিশু দুটিকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, শিশুদের মরদেহের সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছেন


এএম