ওমরাহ যাত্রীদের টিকিট প্রতারণায় সোয়া দুই কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ
ওমরাহ টিকিট প্রতারণায় অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার মূল হোতা মো. রবিউল হোসেনের সঙ্গে পিবিআই সদস্যরা
এখন জনপদে
অপরাধ
0

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ওমরাহ হজযাত্রীদের সৌদি আরবে নেয়ার জন্য বিমান টিকিট সরবরাহের কথা বলে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা মো. রবিউল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ২৪ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন ফিনলে আবাসিক এলাকার ইয়াদ আলী পার্কসংলগ্ন একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বাথরুমের ফলস ছাদের নিচে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পিবিআই নারায়ণগঞ্জ। পরে আদালতের নির্দেশে দুই দিনের পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে শুক্রবার (২৭ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) রাতে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনারগাঁওয়ের ‘রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী মো. আল আমিনের সঙ্গে ওমরাহ যাত্রীদের বিমান টিকিট সরবরাহের জন্য ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি করে প্রতারক চক্রটি।

চুক্তি অনুযায়ী সৌদি এয়ারলাইনসের টিকিট দেয়ার কথা থাকলেও আসামিরা মাত্র ৯ জনের আসা-যাওয়ার এবং ৭০ জনের শুধু যাওয়ার টিকিট সরবরাহ করে। পরে যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে নিজ খরচে আরও ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করতে হয় ভুক্তভোগীকে। এছাড়া বাকি ১৬৯টি টিকিট সরবরাহ না করায় সব মিলিয়ে তার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা।

পিবিআই জানায়, দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে রবিউল হোসেন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় চক্রের সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার নামে বিভিন্ন ব্যাংকের ৯টি হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ লেনদেনের তথ্যও পেয়েছে তদন্তকারী দল। আত্মসাৎ করা অর্থ অন্য দেশে পাচারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া রবিউল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আদালতে আরও আটটি মামলার তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য চক্রের সদস্যরা টাকা নেয়ার সময় সমপরিমাণ অর্থের ব্যাংক চেক দিতেন বলেও জানিয়েছে পিবিআই। প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এএম