চরাঞ্চলের উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: ওয়াহাব আকন্দ

ময়মনসিংহ
ময়মনসিংহের বোররচরে বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
রাজনীতি
এখন জনপদে
0

চরাঞ্চলে বিএনপির চলমান উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, অতীতে লগি-বৈঠা নিয়ে যারা বিএনপি কার্যালয় ভাঙচুর করেছেন এবং বর্তমানে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন, তাদের কোনো ক্ষমা নেই।

আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ সদরের বোররচরে বিক্ষোভ সমাবেশে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন এসব বলেন।

তিনি আরও বলেন, পলাতক শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন, বোররচর ইউনিয়নে তার দলের লোকজনকেও সেভাবে পালিয়ে যেতে বাধ্য করা হবে।

আওয়ামী লীগের লোকজনের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক না করার ঘোষণা দিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের যেকোনো নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু বলেন, অতীতে কোনো সরকারপ্রধান হাসিনার মতো পালাননি; ১৭ বছর গুম-খুন ও নির্যাতনের মাধ্যমে দেশকে নরকে পরিণত করেছিল আওয়ামী লীগ।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, রাতের আঁধারে মিছিল বা হুমকি দিয়ে লাভ হবে না। ভিডিও ফুটেজ দেখে লগি-বৈঠাধারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। পাশাপাশি বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের কারও সঙ্গে বসে চা খেলে—তার ছবি বা অডিও-ভিডিও প্রমাণ পাওয়া গেলে দলের ওই নেতাসহ গ্রেপ্তার করা হবে বলে সতর্ক করেন তিনি।

সমাবেশে বিএনপি নেতা আতাহারুল ইসলাম বুলবুল, হেলাল আহম্মেদ, এমদাদুল হক এমদাদসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

এএম