ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, এলাকা পরিদর্শনে ৪ মন্ত্রী

যশোরের ভবদহ স্লুইচগেট পরিদর্শনে চার মন্ত্রী-প্রতিমন্ত্রী
এখন জনপদে
0

‘যশোরের দুঃখ’ খ্যাত ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এলাকাটি পরিদর্শন করেছেন সরকারের তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। আজ (শনিবার, ২৮ নভেম্বর) দিনব্যাপী এই সফরে তারা স্লুইচগেট পরিদর্শন, মতবিনিময় সভা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমাবেশে অংশ নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

সফরের অংশ হিসেবে শনিবার দুপুর ৩টার দিকে প্রতিনিধিদলটি যশোরের অভয়নগর উপজেলায় অবস্থিত ভবদহের ২১ ভেন্ট স্লুইচগেট পরিদর্শন করে। স্লুইচগেটের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তারা স্থানীয় ভবদহ কলেজ মাঠে আয়োজিত সমাবেশে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন।

সমাবেশে জানানো হয়, ভবদহ এলাকার ৯০ মিটার খাল খননের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আমডাঙ্গা খাল প্রশস্ত করে খনন করাসহ চলমান ৮১ কিলোমিটার নদী খননের কাজ আগামী জুনের মধ্যে শেষ করা হবে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অতি দ্রুত দীর্ঘদিনের ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রীরা।

এর আগে সকাল ১০টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জানানো হয়, সরকার ৩০০ কোটি টাকা ব্যয়ে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে। আগামী ২০৩০ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রকল্প এলাকার ১৭ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উৎপাদনের আওতায় আনা সম্ভব হবে। এর মধ্যে শুধু ভবদহ এলাকার ৫ হাজার ২০০ হেক্টর জমি পুনরায় চাষাবাদের উপযোগী হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

দিনব্যাপী এ সফরে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানসহ ভবদহ সংলগ্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এএম