আফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম নিষিদ্ধ; ডাকা হচ্ছে ‘বিবি’ বা পশুর নামে

তালেবান সেলুনগুলো বন্ধ করার আগে ২০২১ সালে কাবুলের একটি বিউটি সেলুনে এক নারী
বিদেশে এখন
1

জন্মের সময় পাওয়া নাম মানুষের মৃত্যুর পরও টিকে থাকে। জার্মানিপ্রবাসি আফগান অধিকারকর্মী লালাহ ওসমানির ভাষায়, নাম হলো একটি মুখ, একটি কণ্ঠস্বর ও একটি গল্প। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর আফগান নারীদের কাছ থেকে প্রায় সবকিছু কেড়ে নিলেও এত দিন কেবল নামটুকুই অবশিষ্ট ছিল। কিন্তু এবার সেই নামও মুছে ফেলার উদ্যোগ শুরু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে প্রেসক্রিপশন ও চিকিৎসার নথিপত্রসহ সব ধরনের সরকারি নথিতে আফগান নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান। স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আফগান সংবাদমাধ্যম জান টাইমস এবং ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, বালখ প্রদেশের হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সরকারি কর্মচারীদের নির্দেশ দেয়া হয়েছে যেন তারা নারীদের ‘বিবি’ বলে সম্বোধন করেন। আফগানিস্তানে বিবি শব্দের অর্থ দাদি-নানি বা বৃদ্ধা নারী। দেশটিতে প্রথাগতভাবে জনসমক্ষে কোনো নারীর নাম উচ্চারণ করাকে তার স্বামী বা সন্তানদের সম্মানের হানি বলে মনে করা হয় এবং সে ক্ষেত্রে সম্মানজনক সম্বোধন হিসেবে বিবি শব্দটি ব্যবহৃত হয়।

তবে বাস্তব চিত্র ভিন্ন বলে জানিয়েছেন লালাহ ওসমানি। বিভিন্ন নারী, চিকিৎসক ও নাগরিক অধিকারকর্মীদের সাক্ষ্যের বরাতে তিনি বলেন, ‘তালেবান কেবল বালখ প্রদেশের কর্মকর্তাদের নারীদের আসল নাম লেখা ও উচ্চারণ বন্ধ করে সবাইকে বিবি হিসেবে চিহ্নিত করার নির্দেশই দেয়নি, বরং অনেক ক্ষেত্রে তাদের ছাগল বা গরুর মতো পশুর সঙ্গে তুলনা করে অবমাননাকর নামে ডাকা হচ্ছে।’

ওসমানি বলেন, ‘এটি মানুষকে মনুষ্যত্বহীন করার একটি ধারাবাহিক প্রক্রিয়া। যখন কোনো শাসনব্যবস্থা একজন নারীর নাম সরিয়ে তাকে পশুর নাম দেয়, তখন তা তার মানবিক সত্তা কেড়ে নেয় এবং তাকে নিছক একটি জৈবিক প্রাণী বা পুরুষের সম্পত্তিতে পরিণত করে।’ আফগানিস্তানে সরকারি নথিতে নারীদের কোনো পুরুষ স্বজনের স্ত্রী বা কন্যা হিসেবে পরিচয় দেয়ার প্রথা আগে থেকেই প্রচলিত। এমনকি কবরের ফলকেও নারীদের নাম লেখা হয় না।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফার শাসনামলে রাস্তার নাম ও জনসমাগমস্থল থেকে নারী শব্দটি মুছে ফেলেছিল তালেবান। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর গত পাঁচ বছরে নারীদের প্রতি তালেবানের সব নীতির মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তাদের মানবিক অস্তিত্ব অস্বীকার করা। ওসমানির মতে, একজন মানুষকে মনুষ্যত্বহীন করার প্রথম ধাপ হলো তার নামটি কেড়ে নেয়া।

কাবুলের এক নারী অধিকারকর্মী ছদ্মনাম কারিশমা ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বালখ প্রদেশে তালেবানের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে নাম ব্যবহারের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবরের শঙ্কা, স্থানীয় পর্যায়ে শুরু হওয়া এই উদ্যোগ শুরুতে বাধার মুখে পড়লেও পরে ফরমান জারির মাধ্যমে সারা দেশে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করা হতে পারে। অতীতে অন্যান্য নিষেধাজ্ঞার ক্ষেত্রেও এমনটি ঘটেছে।

জুবাইদা আকবর আক্ষেপ করে বলেন, ‘নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে তালেবান খুবই সৃজনশীল।’ ফেমেনার হিসাব অনুযায়ী, নারীদের পরিচয় মুছে ফেলার এই পদক্ষেপের আগে আফগান নারীদের অধিকার খর্ব করতে ১৪৪টির বেশি ফরমান জারি করেছে তালেবান। এর মধ্যে রয়েছে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করা, সিংহভাগ চাকরি ও জনসমক্ষে কথা বলায় নিষেধাজ্ঞা এবং চলতি বছরের ১৪ মে পাস হওয়া একটি আইন, যার মাধ্যমে মেয়েদের ধর্ষণকে বৈধতা দেয়া হয়েছে। এছাড়া তালেবানের দণ্ডবিধি অনুযায়ী, কোনো নারীর হাত ভেঙে ফেললে অপরাধীর সাজা ১৫ দিনের কারাদণ্ড, অথচ একটি উটকে আঘাত করলে পাঁচ মাসের কারাদণ্ড হতে পারে।

লালাহ ওসমানি বলেন, ‘নামহীন একজন মানুষ স্বপ্ন দেখতে পারে না, সম্পত্তির মালিক হতে পারে না, ন্যায়বিচার চাইতে পারে না এবং ইতিহাসেও স্মরণীয় হতে পারে না। আফগানিস্তানে একজন নারীকে তার আসল নামে ডাকাটাই এখন একধরনের প্রতিরোধ।’ ওসমানি এক আফগান তরুণের ঘটনা তুলে ধরেন, যিনি ওসমানিকে জানিয়েছিলেন যে তিনি কখনো তার মায়ের আসল নাম জানতেন না। এমনকি পরিবারের ভেতরেও কেউ তাকে নাম ধরে ডাকত না। ওই ব্যক্তি যখন শেষ পর্যন্ত মায়ের নাম জানতে পারেন, তত দিনে তার মা মারা গেছেন।

উপজাতীয় প্রথা ও নাম ফিরে পাওয়ার লড়াই
আফগান নারীদের নাম মুছে ফেলার বিষয়টি একটি প্রাচীন উপজাতীয় প্রথা, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। পবিত্র কোরআনের ১৯ নম্বর সুরার নাম মরিয়ম এবং সেখানে তার নাম ৩০ বারের বেশি উল্লেখ করা হয়েছে। কিন্তু ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের আগে আফগানিস্তানে বিশ বছর ধরে চলা পশ্চিমাপন্থি সরকারের আমলেও এই উপজাতীয় প্রথাটি টিকে ছিল। সেই সময়েও আফগান নারীদের কবরে কিংবা নিজেদের বিয়ের আমন্ত্রণপত্রে তাদের নাম থাকত না।

তবে জুবাইদা আকবর বলেন, ‘তৎকালীন পরিস্থিতির সঙ্গে এখনকার ঘটনার কোনো তুলনা চলে না। তখন নারীদের নাম নিষিদ্ধ ছিল না এবং পাসপোর্টসহ কিছু সরকারি নথিতে তাদের নাম থাকত। আফগান নারীরা নিজেদের নাম ব্যবহার করেই প্রকাশ্যে কাজ করতে পারতেন এবং আরও অধিকারের দাবিতে লড়াই করছিলেন।’

সন্তানের জন্মসনদসহ বিভিন্ন সরকারি নথিতে আফগান নারীদের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে ২০১৭ সালে হোয়ার ইজ মাই নেম বা আমার নাম কোথায় শীর্ষক আন্দোলন শুরু করেছিলেন লালাহ ওসমানি। এর জেরে তালেবান ক্ষমতায় আসার আগেই চরমপন্থিদের লক্ষ্যবস্তুতে পরিণত হন তিনি। ২৫ বছর বয়সে ওসমানির কাছে চামড়া তুলে নেয়া এক নারীর মরদেহের ছবি পাঠিয়ে হুমকি দেয়া হয়েছিল, আন্দোলন বন্ধ না করলে তার পরিণতিও এমন হবে।

ভয় পেলেও থেমে যাননি ওসমানি। তার আন্দোলনের ফলেই ২০২০ সালের সেপ্টেম্বরে তৎকালীন আফগান সরকার সন্তানের জন্মসনদের মতো নথিতে ঐচ্ছিকভাবে মায়ের নাম যুক্ত করার অনুমোদন দেয়। ওসমানি বলেন, ‘শহরগুলোতে এবং তরুণ প্রজন্মের মধ্যে নারীর নাম ব্যবহার করা আর নিষিদ্ধ বিষয় ছিল না; এটি সম্মান, আধুনিকতা ও ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠছিল।’ ২০১৭ সালে আফগানিস্তান অ্যানালিস্টস নেটওয়ার্কের প্রকাশিত এক প্রতিবেদনেও বলা হয়েছিল, আফগান নারীদের আসল নাম ব্যবহারের সঙ্গে সমাজে তাদের প্রকাশ্য উপস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে।

চিকিৎসা ঝুঁকি ও মাতৃত্বের পরিচয় সংকট
নারীদের পরিচয় অস্বীকার করার এই নতুন পদক্ষেপে ভয়াবহ ব্যবহারিক জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। লালাহ ওসমানি বলেন, ‘কল্পনা করুন এমন একটি হাসপাতালের কথা, যেখানে ডজন ডজন প্রেসক্রিপশন ও চিকিৎসার নথি কেবল বিবি নামে অথবা একটি নম্বরের অধীনে সংরক্ষণ করা হচ্ছে। এতে চিকিৎসায় ভুল হওয়ার ঝুঁকি প্রবল।’ এর পাশাপাশি পুরুষ চিকিৎসকদের কাছে নারীদের চিকিৎসা নেয়া এবং নারীদের চিকিৎসা পেশায় পড়াশোনা নিষিদ্ধ থাকায় মূলত নারীদের চিকিৎসাসেবা থেকেই বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নথিপত্রে মায়ের নাম না থাকার ট্র্যাজেডির শিকার হয়েছেন স্পেনে নির্বাসিত আফগান সাংবাদিক ও সাবেক টেলিভিশন উপস্থাপক খাদিজা আমিন। ১৯ বছর বয়সে পারিবারিকভাবে বিয়ের পর তার প্রথম সন্তান এবং পরবর্তী সময়ে যমজ সন্তানের জন্ম হয়। কিন্তু সন্তানদের কারও জন্মসনদেই মা হিসেবে তার নাম লেখা হয়নি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরলে খাদিজাকে দেশ ছেড়ে পালাতে হয় এবং তার স্বামী তিন সন্তানকে নিজের কাছে রেখে দেন।

২০২৪ সালে খাদিজা জানতে পারেন, তার সাবেক স্বামী সন্তানদের নিয়ে শরণার্থী হিসেবে জার্মানিতে বসবাস করছেন। সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি চাইতে এবং সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে বার্লিনের একটি থানায় যান খাদিজা। কিন্তু তিনি সন্তানদের মা—এমন কোনো দালিলিক প্রমাণ না থাকায় পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি। দীর্ঘ দুই বছর পর জার্মানির একটি আদালত তার আবেদনটি আমলে নিলেও তত দিনে তার সাবেক স্বামী সন্তানদের নিয়ে পুনরায় আফগানিস্তানে পালিয়ে যান। ফলে সন্তানরাও চলে যায় খাদিজার নাগালের বাইরে।

এএম