কনস্টেবল আনোয়ার হত্যা: আসামিদের স্বীকারোক্তিতে আস্তানায় অভিযান, অস্ত্র ও গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় আসামিদের আস্তানা থেকে উদ্ধার করা অস্ত্র ও গাঁজাসহ পুলিশ ও ডিবি সদস্যরা
অপরাধ
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। আজ (রোববার, ২৯ নভেম্বর) বিকেলে ফতুল্লার হাশেমবাগ এলাকায় পরিচালিত এই অভিযানে দেশীয় অস্ত্র, একটি খেলনা পিস্তল ও গাঁজাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গত ২২ নভেম্বর ফতুল্লার হাশেমবাগ এলাকায় কনস্টেবল আনোয়ার মোল্লাকে একদল দুষ্কৃতকারী নির্মমভাবে হত্যা করে। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), থানা-পুলিশ ও অন্যান্য বাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার ছয়জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হওয়ায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি পাঁচজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি আব্দুল্লাহ ও আজাদ স্বীকার করেন যে হাশেমবাগ এলাকায় তাদের একটি আস্তানা রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ নানা সামগ্রী মজুত রেখে তারা এলাকার মানুষকে হয়রানি, নির্যাতন ও ছিনতাই করে আসছিলেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা এত দিন মুখ খুলতে পারেননি।

আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা রোববার ওই আস্তানায় অভিযান চালান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দেশীয় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

তারেক আল মেহেদী জানান, কনস্টেবল আনোয়ার হত্যায় সরাসরি জড়িত সাত থেকে আটজনের নাম এরই মধ্যে পুলিশের হাতে এসেছে। তবে অভিযান চলমান থাকায় এবং আসামিরা সতর্ক হয়ে যেতে পারে এমন আশঙ্কায় তাদের নাম প্রকাশ করা হয়নি। তিনি বলেন, ‘তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা অবশ্যই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’

এএম