দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ

কাপড়ের দোকান
দেশে এখন
0

দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সপ্তাহে ৩ দিন রাত ১০টা এবং বাকি ৩ দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। আজ (রোববার, ২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ওই সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং পিডিবি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে।

এছাড়া স্থাপন করা সোলার প্যানেলগুলো যাতে অবশ্যই মানসম্মত হয়, সে জন্য সবাইকে বিএসটিআইয়ের সনদ নিতে হবে। সনদ নেয়ার পরও যদি নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হয়, তবে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সারা দেশে চলমান বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, প্রতিদিন সারা দেশে ৩ থেকে ৫ বার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে, যা সাধারণ মানুষ লোডশেডিং মনে করলেও বাস্তবে এটি বিদ্যুৎ বিভ্রাট।

হেলাল উদ্দিন উল্লেখ করেন, বাংলাদেশের মতো একই আবহাওয়ার দেশ থাইল্যান্ডে একজন গ্রাহক বছরে গড়ে একবার ৫ থেকে ৭ মিনিটের জন্য বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে পড়েন। সেই তুলনায় বাংলাদেশে একজন গ্রাহক বছরে ১ হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন, যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানালে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

এএম