নারায়ণগঞ্জে ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১

নারায়ণগঞ্জ
ভারতীয় শাড়িসহ আটক ১
এখন জনপদে
অপরাধ
1

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২০ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত ভোর রাত ৪ টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এ সময় শাড়ি পাচারের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও আটক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ‘চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

এএইচ