পঞ্চগড়ে অবৈধভাবে তেল বেচাকেনা, স্থানীয়দের হাতে ধরা

মোটরসাইকেলের পেছনে বাঁধা ট্রাঙ্কে তিনটি পাত্রে জ্বালানি তেল
এখন জনপদে
অপরাধ
0

মোটরসাইকেলের পেছনে বাঁধা ট্রাঙ্ক, এর ভেতরে তিনটি পাত্রে জ্বালানি তেল— এমনই অভিনব কায়দায় পাম্প থেকে তেল নিয়ে গোপনে কেনাবেচা করে আসছিল একটি চক্র। কিন্তু শেষ রক্ষা হলো না, তেল বহনের সময় হাতেনাতে ধরা পড়লো স্থানীয়দের হাতে।

আজ (শুক্রবার, ৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন স্কুল অ্যান্ড কলেজের সামনে স্থানীয়দের হাতে এভাবেই তেল বহনের সময় হাতেনাতে আটক করা হয় এক ব্যক্তিকে।

এসময় তার মোটরসাইকেলের পেছনে থাকা ট্রাঙ্ক খুলে তিনটি জারে প্রায় ৫০ লিটার পেট্রল পাওয়া যায়। পরে তেল ও মোটরসাইকেল জব্দ করা হলেও কৌশলে পালিয়ে যায় চালক। এদিকে জব্দকৃত পেট্রোল পার্শ্ববর্তী একটি পাম্পে নিয়ে ফুয়েল কার্ডধারীদের কাছে বিক্রি করা হয়।

আরও পড়ুন:

এ বিষয়ে প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, বোদা উপজেলার সুবাহানাকা ফিলিং স্টেশন থেকে এ পদ্ধতিতে তেল সংগ্রহ করে বেশি দরে বিক্রি করে আসছিল একটি চক্র। শুক্রবার ওই মোটরসাইকেল চালক একইভাবে তেল বহন করার সময় হাবিব নামে এক ব্যক্তি ধাওয়া দিয়ে তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে তেল ও মোটরসাইকেল জব্দ করেন।

উপজেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, ‘স্থানীয়রা ট্রাঙ্কে তেল বহন করার সময় এক ব্যক্তিকে আটক করেন। জব্দকৃত তেল বিক্রি করা হয়েছে। এটি সরকারি কোষাগারে জমা করা হবে। পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এসএইচ