ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান; ১২০০ লিটার ডিজেল জব্দ

সাতক্ষীরা
বাড়ি থেকে উদ্ধারকৃত জ্বালানি তেল, ইনসেটে ইউপি চেয়ারম্যান
এখন জনপদে
অপরাধ
0

জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করা হয়েছে।

আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের নিজ বাসভবন ও ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালানো হয়।

অভিযানে ৬টি ব্যারেল থেকে মোট ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ১৬টি খালি ব্যারেলও উদ্ধার করা হয়েছে।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ইস্তিয়াক আহমেদ অপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে র‍্যাব সদস্যদের একটি দল অংশ নেয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ইস্তিয়াক আহমেদ অপু জানান, সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

এএইচ