ঝিনাইদহে পুলিশের পোশাক পরে প্রতারণা, ইয়াবাসহ গ্রেপ্তার ৫

ঝিনাইদহ
ডিবি হেফাজতে গ্রেপ্তার আসামিরা
এখন জনপদে
অপরাধ
0

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে পুলিশের বিভিন্ন সরঞ্জাম ও ১৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) শৈলকুপা উপজেলার চন্ডিপুর গ্রামে গোলাপ মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে অফিসার ইনচার্জ (ওসি) মো. ছাব্বিরুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ওই পাঁচ জনকে আটক করে।

গ্রেপ্তাররা হলেন— মো. রিয়াজ বিশ্বাস (২৭), মো. রুবেল হোসেন মোল্লা (৩২), মো. আশিক জোয়াদ্দার (২৪), তাসমিম খাতুন (২১) ও জান্নাতুল ফেরদৌস (২০)। তাদের সবার বাড়ি শৈলকুপা উপজেলায়।

আরও পড়ুন:

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে পুলিশের পোশাক, মনোগ্রামযুক্ত বেল্ট, রেইনকোট, ক্যাপ, র‍্যাংক ব্যাজ, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ১৫০টি ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে পুলিশের ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। একইসঙ্গে মাদক ব্যবসাও চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় শৈলকুপা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ