ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বছরের শিশুকে নিপীড়নের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া
হাসপাতালে চিকিৎসাধীন শিশু
এখন জনপদে
অপরাধ
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশুকে নিপীড়নের অভিযোগ উঠেছে। গতকাল (শনিবার, ২৩ মে) রাতে নিপীড়নের শিকার ওই শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাড়ি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদুল মিয়া পলাতক রয়েছেন। তিনি একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

নিপীড়নের শিকার শিশুর স্বজনরা জানান, গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী সহিদুল মিয়া চিপস কিনে দেয়ার কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে তাকে নিপীড়ন করে।

এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে হত্যারও হুমকি দেয় সহিদুল। পরে সহিদুল নিজেই ওই শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে গতকাল রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে৷ প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এএইচ