হেরোইনসহ একাধিক মামলার ২ মাদককারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জ
গ্রেপ্তার হওয়া দুইজন
এখন জনপদে
অপরাধ
0

মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ (মঙ্গলবার, ১৬ জুন) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

এর আগে গতকাল (সোমবার, ১৫ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামের জামাল কোম্পানির বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— উপজেলা পশ্চিম সেওতা গ্রামের তারা মিয়ার ছেলে মো. রাব্বি (৩১) এবং হাবুল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২৭)।

আরও পড়ুন:

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসাদ মিয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে রাব্বির কাছ থেকে ১৫ গ্রাম এবং ইমরান হোসেনের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২৫ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘গ্রেপ্তার রাব্বির বিরুদ্ধে এর আগে সাতটি এবং ইমরান হোসেনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

এসএস