কুষ্টিয়া কোর্টস্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

ট্রেন আটকে বিক্ষোভ করেছেন যাত্রী ও স্থানীয়রা
এখন জনপদে
অপরাধ
2

কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে যাত্রী ও স্থানীয়রা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেন। এতে ঢাকা ও পোড়াদহ রুটে ট্রেন চলাচল প্রায় দু’ঘন্টা বন্ধ থাকে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আজ (শনিবার, ২৫ জুলাই) বেলা ১২টার দিকে কোর্টস্টেশনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— শফিউল আওয়াল সুমন (৪০) ও তার বাবা আব্দুর রহিম (৬৫)।

আহতদের অভিযোগ, বেলা ১২টা ২০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস কোর্টস্টেশনে পৌঁছালে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশে অসুস্থ মা-বাবাকে নিয়ে ট্রেনে উঠতে গেলে এক স্টাফ বাঁধা দেন। এসময় ওই স্টাফ তার মাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে বগির ভেতরে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই স্টাফ তাকে ও তার বাবাকে ছুরিকাঘাত করেন।

আরও পড়ুন:

অভিযুক্ত স্টাফের বাড়ি চুয়াডাঙ্গায় বলে দাবি করেন সুমন। ঘটনার পর ক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়রা ট্রেনটি স্টেশনে আটকে বিক্ষোভ শুরু করলে লোকোমাস্টার ও ট্রেন পরিচালক ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসময় পুলিশ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে প্রায় দুই ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কোর্টস্টেশন ইনচার্জ ইতি খাতুন জানান, প্রশাসন ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এসএইচ