চুয়াডাঙ্গায় সাত কেজি স্বর্ণসহ একজন আটক

চুয়াডাঙ্গা
স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আটক ব্যক্তি
এখন জনপদে
অপরাধ
0

চুয়াডাঙ্গা দর্শন সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় সাত কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। যার বাজার মূল্য ১৩ কোটি প্রায় ৩৩ লাখ টাকা। আজ (শনিবার, ১ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা দর্শনা পারকেষ্টপুর গ্রাম থেকে এ স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা ছয় বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, চুয়াডাঙ্গার দর্শনা পারকেষ্টপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অবস্থান নেয়।

এ সময় এক ব্যক্তি দর্শনা থেকে মোটরসাইকেলযোগে পারকেষ্টপুর গ্রাম দিয়ে সীমান্ত এলাকায় যাচ্ছিল। ওই ব্যক্তি চেকপোস্টে দাঁড়ালে তার শরীর তল্লাশি করে ৩৯ পিস স্বর্ণের বার উদ্ধার করে।

তিনি আরো জানান, ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। উদ্ধার স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দর্শনা থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন।

এএইচ