নারায়ণগঞ্জে আমের ক্যারেট থেকে ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার

নারায়ণগঞ্জ
উদ্ধারকৃত ফেনসিডিল
এখন জনপদে
অপরাধ
3

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে পাচারকৃত ৩৭৭ বোতল নিষিদ্ধ মাদক ফেয়ারডিল উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় একটি ট্রাক জব্দ এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (শুক্রবার, ৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকার রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসায়।

র‌্যাব জানায়, একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এরপর ট্রাকটি তল্লাশি করে আমের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. মমিন (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঁঠাল চাঁদপুর এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, গ্রেপ্তার আসামি, জব্দকৃত মাদক ও ট্রাক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ