পদার্থবিজ্ঞানে পড়েও চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন, জরিমানা ২০ হাজার

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া’ চিকিৎসকে জরিমানা
এখন জনপদে
অপরাধ
0

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে রোকসানা আক্তার নামে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।

অভিযানে পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম রিনা এবং সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা রোকসানা আক্তার চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের প্রেসক্রিপশন লিখে আসছিলেন। পাশাপাশি অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধও দিতেন তিনি।

আরও পড়ুন:

গত ১৪ আগস্ট সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে চিকিৎসা দিয়ে প্রেসক্রিপশন দেয়ার অভিযোগও রয়েছে রোকসানার বিরুদ্ধে। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এ ঘটনায় সংবাদ প্রকাশ ও অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে জগদল বাজারের ওই ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে ফার্মেসিতে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার বিজ্ঞাপন প্রচারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগেরও সত্যতা মেলে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, ‘অভিযানে ওই ফার্মেসিতে অনুমোদন ছাড়া বিভিন্ন ধরনের টেস্টের বিজ্ঞাপন পাওয়া যায়। একই সঙ্গে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন চিকিৎসাসেবা কিংবা পরীক্ষা-নিরীক্ষার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস