বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা

সীমান্তের প্রতীকী
এখন জনপদে
অপরাধ
0

রাঙামাটির বিলাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক ভারতীয় দুই চোরাকারবারিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছিনিয়ে নেয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস নোটে এই তথ্য জানিয়েছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

বিজিবি জানিয়েছে, গতকাল (রোববার, ২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীন দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. লিয়াকত আলীর নেতৃত্বে একটি টহলদল দুমদুমিয়া চেকপোস্টে যানবাহন তল্লাশি পরিচালনা করে। এসময় বিভিন্ন প্রকার ভারতীয় মালামালসহ সন্দেহভাজন দুই ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন:

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য সন্ধ্যা ৬টার দিকে নিকটস্থ রাজস্থলী থানায় হস্তান্তরের উদ্দেশে দুই চোরাকারবারিকে নিয়ে যাওয়ার সময় ক্যাম্পসংলগ্ন এলাকায় দেড় শতাধিক মানুষের সংঘবদ্ধ দল বিজিবি টহল দলের ওপর হামলা চালায়। এসময় তারা নারীদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে টহল দলের হেফাজত থেকে আটক দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ছিনিয়ে নেয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ পুশ-ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় বিজিবির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এসএস