এশিয়ান গেমসে স্বর্ণজয়ের মিশন: মালয়েশিয়াকে হারাতে আত্মবিশ্বাসী লিটন

খেলোয়াড়দের অনুশীলন
ক্রিকেট
এখন মাঠে
0

এশিয়ান গেমসে ক্রিকেটে মঙ্গলবার স্বর্ণজয়ের মিশন শুরু করছে বাংলাদেশ। জাপানে শেষ আটের প্রথম ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ মালয়েশিয়া। ম্যাচকে সামনে রেখে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশ থেকেই দল সবধরনের প্রস্তুতি নিয়ে এসেছে বলে জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। অধিনায়কের দৃষ্টি ফাইনালে থাকলেও, আপাতত মূল ভাবনা কেবলই মালয়েশিয়ার ম্যাচে।

২০ তম এশিয়ান গেমসে মোট ২২ টি ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। যার মধ্যে পদক জয়ের সম্ভাবনাময় ইভেন্টের একটি ক্রিকেট। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হবে টাইগারদের এশিয়ান গেমসের যাত্রা।

এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে লাল-সবুজের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল মালয়েশিয়া। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ দেখছে না বাংলাদেশ।

জাপানের আবহাওয়ায় বৃষ্টির বাগড়ায় খুব একটা অনুশীলনের সুযোগ হয়নি টাইগারদের। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে অবশ্য বাংলাদেশের যায়গা হবে সেমিফাইনালে। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পাবেন লিটন দাসরা। বৃষ্টিতে ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ হাতছাড়া হলেও সব পরিস্থিতি মোকাবেলায় আগেভাগেই নিজেদের তৈরি করেছে দল।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘দেশ থেকে আসার আগে আমরা অনেক প্র্যাকটিস করেছি এবং আমি প্লেয়ারদের একটা কথাই বলেছি যে ওখানে যে অপরচুনিটি নাও থাকতে পারে। সো মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেয়ার জন্য যদি বৃষ্টি থাকে বা কারণ এই কান্ট্রিটা খুব একটা ফ্যামিলিয়ার না ক্রিকেটের জন্য। তো ফেসিলিটি ওইভাবে প্রোভাইড করতে পারবে কি না এটাও একটা ডাউটফুল ছিলাম।’

এশিয়ান গেমসে বাংলাদেশের মূল লক্ষ্য সোনা জয়। তবে লিটন দাস এখনই ফাইনালের সমীকরণ মেলাতে রাজি নন। আপতত লক্ষ্য কোয়ার্টার ফাইনালের বাধা টপকে ধাপে ধাপে ফাইনালের মঞ্চে পৌঁছানো।

তিনি বলেন, ‘দেশ ছাড়ার আগেই আমি একটা কথা বলেছিলাম যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে ফাইনালে যাওয়া। গোল্ড পাবো কি না ওইটা পরের বিষয় বাট তার জন্য যে আগামীকালকের যে ম্যাচটা আছে ওইটা অনেক ইম্পর্টেন্ট। আপাতত ওইটার জন্য ফোকাস করছি।’

টুর্নামেন্টে ফেভারিট হিসেবে মাঠে নামলেও মাঠের পারফরম্যান্স দিয়েই জয় ছিনিয়ে নিতে চায় দল। মালয়েশিয়ার বিপক্ষে জয়ের ধারা বজায় রেখে সেমিফাইনাল এবং পরবর্তীতে ফাইনালের ট্রফি ছোঁয়ার ব্যাপারে আশাবাদী পুরো দল।

এফএস