গুলশানে ডিএনসির যৌথ অভিযান: মদ-বিয়ার সংরক্ষণে অনিয়মের অভিযোগে সিলগালা ওয়্যারহাউজ

টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর  ওয়্যারহাউস সিলগালা
অপরাধ
0

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নেতৃত্বে রাজধানীর গুলশানে টস বন্ড প্রাইভেট লিমিটেড নামের একটি বন্ডেড ওয়্যারহাউজে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গতকাল দিবাগত রাত (বৃহস্পতিবার, ১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণ এবং হিসাব ব্যবস্থাপনায় একাধিক অনিয়ম শনাক্ত করা হয়। পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কাস্টমস আইন অনুযায়ী ডিএনসির উপস্থিতিতে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজ সিলগালা করে।

অভিযানকালে কর্মকর্তারা প্রতিষ্ঠানের রেজিস্টার, জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে সংরক্ষিত পণ্যের সরেজমিন তথ্য যাচাই করেন। এ সময় সফটওয়্যারে দেখানো হলেও বাস্তবে প্রতিষ্ঠানের ওয়্যারহাউজে থাকা ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি এবং ৬ বোতল নেমিরফ পাওয়া যায়। অর্থাৎ, সফটওয়্যারে পণ্যগুলো প্রতিষ্ঠান থেকে ছাড় হয়েছে বলে দেখানো হলেও সরেজমিনে সেগুলো প্রতিষ্ঠানের হেফাজতে পাওয়া যায়।

এছাড়া আমদানিকৃত ২ হাজার ২৫০ কার্টুন হাইনেকেন বিয়ার প্রতিষ্ঠানের সফটওয়্যার সিস্টেমে ৩ সেপ্টেম্বর ইনবাউন্ড হিসেবে অন্তর্ভুক্ত দেখানো হয়। কিন্তু যৌথ অভিযানে যাচাই করে দেখা যায়, পণ্যগুলো প্রতিষ্ঠানের ওয়্যারহাউজে বাস্তবে পাওয়া যায়নি।

এছাড়া প্রতিষ্ঠানের মোট চারটি ফ্লোর এর মধ্যে দুটি ফ্লোরের কাস্টমসের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য অনুমোদন পাওয়া যায়নি।

ডিএনসির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে এসব অসঙ্গতি ও অনিয়ম চিহ্নিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজ সিলগালা করা হয়। বিষয়টি অধিকতর যাচাই ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এফএস