মানিকগঞ্জে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে চুরি ঘটনায় মামলা

মানিকগঞ্জ
সিংগাইর কারিগরি প্রশিক্ষণকেন্দ্র
এখন জনপদে
অপরাধ
0

মানিকগঞ্জের সিংগাইরে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ চুরির ঘটনায় চোরেরা প্রতিষ্ঠানের দু’টি কম্পিউটার ল্যাব থেকে ৩৩টি ডেস্কটপ কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ খুলে নেয়ার পাশাপাশি দু’টি ল্যাপটপ চুরি করেছে।

আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) এ ঘটনায় প্রতিষ্ঠানের সিনিয়র ইন্সট্রাক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিংগাইর থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল (বুধবার, ১৮ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের তৃতীয় তলার ৩০১ ও ৩০৭ নম্বর কক্ষের কম্পিউটার ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পান পরিচ্ছন্নতাকর্মী বাবর আলী। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

কর্মকর্তারা ল্যাবে গিয়ে দেখেন, ৩৩টি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। কম্পিউটারগুলোর হার্ডডিস্ক, প্রসেসর, মাদারবোর্ড ও র‍্যামসহ মূল্যবান যন্ত্রাংশ খুলে নেয়া হয়েছে। এছাড়া দুটি ল্যাপটপও চুরি হয়েছে।

চুরি হওয়া কম্পিউটারগুলো এইচপি ব্র্যান্ডের অল-ইন-ওয়ান মডেলের। প্রতিটি কম্পিউটারের আনুমানিক মূল্য এক লাখ টাকা হিসেবে ৩৩টি কম্পিউটারের যন্ত্রাংশের দাম ৩৩ লাখ টাকা।

আরও পড়ুন:

অন্যদিকে, চুরি হওয়া দু’টি এমএসআই ব্র্যান্ডের ল্যাপটপের মূল্য আনুমানিক দুই লাখ টাকা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, বুধবার দিবাগত রাত ১টা ৩৮ মিনিটের দিকে মুখে গামছা বাঁধা এক ব্যক্তি কম্পিউটার ল্যাবে প্রবেশ করেন। পরে তিনি সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপরই চুরির ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজেরা খাতুন জানান, ভবনের নিচতলার পেছনের বাথরুমের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। কম্পিউটার ও ল্যাপটপগুলো প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো। চুরির ঘটনায় প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।’

এসএইচ