বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো একটি রাষ্ট্র গণহত্যা সংঘটিত করেছে বলে আদালত রায় দিয়েছেন, আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়। এ যুগান্তকারী রায়ে আদালত নির্ধারণ করেছেন যে, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে।
আদালত আরও দেখেছেন যে, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে মিলে কাজ করা ব্যক্তিদের দ্বারা গণহত্যা সংঘটন প্রতিরোধ করতে, কনভেনশনে উল্লিখিত গণহত্যা ও অন্যান্য অপরাধের শাস্তি দিতে এবং কনভেনশনটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে কনভেনশনের অধীনে তার বাধ্যবাধকতাগুলো লঙ্ঘন করেছে।
কনভেনশন লঙ্ঘনের কারণে আদালত মিয়ানমারকে অন্যান্য বিষয়ের পাশাপাশি নিম্নলিখিত আদেশ দিয়েছেন—
কনভেনশনের অধীনে তার বাধ্যবাধকতাগুলোর পূর্ণ কার্যকারিতা প্রদানকারী আইন প্রণয়নের মাধ্যমে চলমান যেকোনো লঙ্ঘন বন্ধ করা; কনভেনশনের পরিপন্থী কর্মকাণ্ড সংঘটিত করেছে বলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহভাজন সকল ব্যক্তিকে তদন্ত করতে এবং তাদের বিচার ও শাস্তি দিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা; পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা ও গ্যারান্টি প্রদান করা এবং ভবিষ্যতে অনুরূপ লঙ্ঘন ঘটা প্রতিরোধ করা; রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণমূলক ব্যবস্থা গ্রহণ করা, যার মধ্যে রয়েছে মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের ফলে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের নিজ বাসস্থানে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ প্রদান এবং পরিবারগুলোর পুনর্মিলন এবং সংঘটিত ক্ষয়ক্ষতির জন্য রোহিঙ্গা গোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ প্রদান করা।
আরও পড়ুন:
মন্ত্রণালয় জানায়, এ রায় রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি দীর্ঘ প্রতীক্ষিত মাইলফলক চিহ্নিত করে। এছাড়া কার্যক্রমের একটি পক্ষ হিসেবে মিয়ানমার এখন আদালতের চূড়ান্ত রায় পুরোপুরি মেনে চলতে এবং এর আদেশগুলো বাস্তবায়ন করতে আইনত বাধ্য বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসলামি সহযোগিতা সংস্থার সহায়তায় দীর্ঘ সাত বছর ধরে এ মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে নীতিগত নেতৃত্বের জন্য বাংলাদেশ গাম্বিয়ার প্রশংসা জানায়; এবং এগারোটি সদস্য রাষ্ট্র—যথা কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডের হস্তক্ষেপকে স্বীকৃতি জানায়।
জানানো হয়, বাংলাদেশ মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানায়, যেন তারা এ রায়ের অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো দ্রুত, সম্পূর্ণরূপে এবং কার্যকরভাবে পালন করে।
এছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও এ ঐতিহাসিক রায়ের পূর্ণ, কার্যকর ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার অনুরোধ জানায় বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে মিয়ানমারে তাদের নিজ গৃহে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান, তা বাংলাদেশ পুনর্ব্যক্ত করে। এছাড়া বলা হয়, এ রায় মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে বলে বাংলাদেশ বিশ্বাস করে।
সবশেষে বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি যে মানবিক সহায়তা সম্প্রসারিত করা হয়েছে, তার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা জানায় বাংলাদেশ। একইসঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা অব্যাহত রাখা ও বাড়ানোর অনুরোধও জানানো হয়।





