মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জ
নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
এখন জনপদে
অপরাধ
0

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ (সোমবার, ৫ অক্টোবর) বিকেলে উপজেলার বড় আনুলিয়া গ্রামের জাল-সুতা ব্যবসায়ী হানিফ মোল্লার বাড়িতে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদেরভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল মজুদের সন্ধান পাওয়া যায়।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হানিফ মোল্লার ছেলে ফরহাদ এসব নিষিদ্ধ জাল মজুদ করে আরিচা ঘাটসহ আশপাশের বিভিন্ন হাট-বাজার ও মাছ শিকারিদের কাছে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন:

এদিকে ফরহাদের বিষয়ে তথ্য জানতে তার স্ত্রী বৃষ্টি আক্তারকে (৩২) থানায় নেয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাকে ছেড়ে দেয়া হয়।

নিষেধাজ্ঞা কার্যকর করতে আগাম প্রস্তুতি হিসেবে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও মাছ শিকারের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, ‘বড় আনুলিয়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। নিষিদ্ধ জাল ব্যবসার সঙ্গে যুক্ত ফরহাদকে আটকের চেষ্টা চলছে।’

আগামী ৮ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। এসময় ইলিশ ধরা, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে।

এসএস