গতকাল (সোমবার, ৫ অক্টোবর) রাত ২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী।
আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় কোস্ট গার্ডের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ভারত থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২১ হাজার কেজি জিরা পাওয়া যায়। পরে জিরাসহ কার্গো বোটটি জব্দ করা হয়।’
আরও পড়ুন:
কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা জিরা ও কার্গো বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘অবৈধ পণ্য পরিবহন বন্ধ এবং দেশের রাজস্ব সুরক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’





