এর আগে চলতি মাসের শুরুতে (৬ নভেম্বর) ১৯০ শিশু ও একজন প্রাপ্তবয়স্কসহ মোট ১৯১ জনকে হত্যার দায়ে ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ ছাড়া চলতি সপ্তাহেই শিশু নির্যাতন, হামলা, উগ্রবাদ ছড়ানো এবং সন্ত্রাসবাদের পাঁচটি অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবারের রায়ে ম্যাকেঞ্জির স্ত্রী রোডা মুম্বুয়া মাওয়েউসহ তার ২৯ জন সহযোগীকেও দোষী সাব্যস্ত করেছেন আদালত।
কেনিয়ার ভারত মহাসাগর উপকূলের কাছে কিলিফি কাউন্টির শাকাহোলা জঙ্গলে বসবাস করতেন ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’-এর প্রতিষ্ঠাতা পল ম্যাকেঞ্জি। সেখান থেকেই তিনি অনুসারীদের নির্দেশ দিতেন যে, কেয়ামতের আগে যিশুখ্রিস্টের দেখা পেতে এবং স্বর্গ লাভের জন্য প্রথমে শিশু, এরপর নারী ও সবশেষে পুরুষদের অনাহারে থেকে মৃত্যুবরণ করতে হবে।
আদালত রায়ে বলেছেন, ম্যাকেঞ্জি পরিকল্পিতভাবে অনুসারীদের মৃত্যু পর্যন্ত অনশনের নির্দেশ দিয়েছিলেন এবং নিভৃত জঙ্গলে পাঠিয়েছিলেন। ২০২৩ সালের এপ্রিল থেকে শাকাহোলা জঙ্গলে গণকবর ও শৌচাগার থেকে চার শতাধিক মরদেহ উদ্ধার শুরু হলে এই নৃশংস ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। সন্দেহভাজন প্রায় ৫০০ ভুক্তভোগীর মধ্যে জীবন্ত কবর দেওয়া ও টয়লেটে ফেলে দেওয়া অসংখ্য শিশুও ছিল।
এদিকে, আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন পল ম্যাকেঞ্জি। সাজা ঘোষণার পর এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।





