কুমিল্লায় নিখোঁজের ৪ দিন পর জমি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

উদ্ধারকৃত মরদেহের ছবি
এখন জনপদে
অপরাধ
0

কুমিল্লায় নিখোঁজের ৪ দিন পর একটি ফসলি জমি থেকে জান্নাতুল তাসনিম নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) ভোর ৬টার দিকে জগতপুর গ্রামের কাছিকাটা মসজিদ সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাসনিম সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে লালমাই থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পাশে একটি পরিত্যক্ত সিএনজি অটোরিকশাও পাওয়া গেছে।

আরও পড়ুন:

পরিবারিক সূত্রে জানা যায়, জান্নাতুল তাসনিম ৪ অক্টোবর থেকে নিখোঁজ হয়। নিহতের বাবা আবদুল হালিমের দাবি, নিহত তাসনিমের সঙ্গে গত রাতেও মোবাইলফোনে কথা হয়েছে এবং সে বান্ধবীর বাসায় রয়েছে বলে জানিয়েছে। পরে দুপুরের দিকে খবর পায় তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করা হবে।’

এসএইচ