২০ সেকেন্ডে মোটরসাইকেল চুরি, পাঠানো হতো লাকসামে

আটক হওয়া মোটরসাইকেল চুরি চক্রের সদস্যরা
অপরাধ
0

বিশেষ কায়দায় মাত্র ২০ সেকেন্ডে ভেঙে ফেলা হতো মোটরসাইকেলের লক। ব্যবহার হতো লোহার বিশেষ চাবি। এরপর চুরি করা সেই মোটরসাইকেল পাঠানো হতো কুমিল্লার লাকসামে। রাজধানীতে মোটরসাইকেল চুরির এই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম। আজ (রোববার, ১৮ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব জানান তিনি। চক্রের মূল হোতা রফিককে গ্রেপ্তারের দাবিও করেছে ডিবি। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

২ অক্টোবর বিকেল সাড়ে চারটা। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাইতুর রহমান মসজিদের সামনে মোটরসাইকেল রেখে নামাজে যান এক ব্যক্তি। এর মাত্র কয়েক মিনিট পর একটি অটোরিকশায় এসে নিমেষে লক ভেঙে মোটরসাইকেলটি নিয়ে চলে যায় একটি চক্র।

পরবর্তীতেই এই চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হলে তা নিয়ে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। শনাক্তের পর অভিযান চালিয়ে চক্রের হোতা রাশেদুল ইসলাম ওরফে রফিককে গ্রেপ্তার করে পুলিশ।

তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় আরও পাঁচজনকে। উদ্ধার করা হয় চুরি হওয়া ৯টি মোটরসাইকেল ও চুরির ঘটনায় ব্যবহৃত অটোরিকশাও।

ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘সবুজবাগ থানাধীন নন্দীপাড়া মাদারটেক এলাকায় অভিযান পরিচালনা করে রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেলকে দুইটি বিশেষ ধরনের চাবিসহ একটি মোটরসাইকেলসহ চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন সাদ্দাম মার্কেটের সামনে আমির ফয়সাল ওরফে রাব্বিকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।’

পুলিশ জানায়, বিশেষ কায়দায় মাত্র ২০ সেকেন্ডে এই চক্র ভেঙে ফেলতো মোটরসাইকেলের লক। ব্যবহার করা হতো লোহার বিশেষ চাবি। এরপর সেগুলো বিক্রি করা হতো কুমিল্লা লাকসামের একটি চক্রের কাছে।

শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাসেল ও রাব্বি জানায়, তারা রাজধানীর বিভিন্ন স্থান থেকে একই কৌশলে মোটরসাইকেল চুরি করে কুমিল্লা লাকসামের ফয়সাল, সৌরভ ও নোয়াখালী চাটখিলের পাপ্পু এবং মাসুমের কাছে সরবরাহ করে, তারা এগুলো বিভিন্নভাবে বিক্রি করে।’

মোটরসাইকেল চুরি চক্রের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ চক্রের প্রধান রফিকও দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

এসএস