তাহসিফ সৌরির মৃত্যুতে বাবার হত্যা মামলা, গ্রেপ্তার বন্ধু

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি
অপরাধ
0

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছেন তার বাবা। এ ঘটনায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। আজ (শনিবার, ৩১ অক্টোবর) তাকে আদালতে তোলার কথা রয়েছে।

তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এরইমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইয়ের হেফাজতে থাকা শাহরিয়ার রেজা দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে নৌ পুলিশ।

এদিকে তাহসিফের পরিবারের পাশে দাঁড়াতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাতে তাদের বাসায় যান সাবেক সশস্ত্র বাহিনীর সংগঠন রাওয়ার সদস্যরা।

তারা বলছেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। দেশবাসীর মতো রাওয়ার সাবেক সামরিক কর্মকর্তারাও চান, দ্রুত ঘটনার প্রকৃত সত্য উদঘাটন হোক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য বের করে আনবে এমন প্রত্যাশার কথা জানান তারা। যেকোনো প্রয়োজনে তাহসিফের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।

তাহসিফের মৃত্যুর ঘটনায় কোনো ধরনের অবহেলা যেন না থাকে, সে বিষয়ে গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন রাওয়ার সাবেক সামরিক কর্মকর্তারা।

এসএস