ছেলেকে সুস্থ করার আশ্বাসে স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার
পুলিশি হেফাজতে গ্রেপ্তাররা
এখন জনপদে
অপরাধ
0

মৌলভীবাজারের বড়লেখায় এক ‘প্রতারকচক্র’ অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে দুই দফায় ১১ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণালংকার আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। তাদের কাছ থেকে আত্মসাৎ করা সব স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

গতকাল (রোববার, ১ নভেম্বর) বড়লেখা ও জুড়ী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— বড়লেখা উপজেলার আহমদপুর গ্রামের করবুল নেছা (৬০), হিনাইনগর গ্রামের তাজ উদ্দিন (৪৫) এবং জুড়ী উপজেলার আমতৈল গ্রামের বিজয় বৈদ্য (৪৮) ও হরিরামপুর গ্রামের রিপন মিয়া (৩৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট ওজনের আত্মসাৎকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

থানা সুত্রে জানা যায়, গত ৩ আগস্ট অজ্ঞাতনামা এক নারী বড়লেখা উপজেলার হিনাইনগর গ্রামের রোকেয়া বেগমের অসুস্থ ছেলেকে কথিত ‘জিন্নে মুমিন হুজুর’ সুস্থ করে দিতে পারবেন বলে আশ্বাস দেন। এমন আশ্বাস এবং বিভিন্ন ভয়ভীতী দেখিয়ে ভুক্তভোগী নারীর কাছ থেকে দুই দফায় মোট ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয় প্রতারকচক্রটি। হাতিয়ে নেয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১১ লাখ ৭৪ হাজার ৭১২ টাকা।

আরও পড়ুন:

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের অভিযানে প্রথমে বড়লেখা উপজেলার আহমদপুর ও হিনাইনগর এলাকা থেকে করবুল নেছা ও তাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জুড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিজয় বৈদ্য ও রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ১ নভেম্বর বড়লেখা থানায় পেনাল কোডের ৪০৬/৪২০/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার চারজনকে ২ নভেম্বর বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এসএইচ