স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে নামার বাজার এলাকার কয়েকটি বাসাবাড়িতে প্রবেশের চেষ্টা করেন। তাদের কথাবার্তা ও চলাফেরায় সন্দেহ হলে বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাদের আটক করেন। পরে বিষয়টি দাগনভূঞা থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের নেতৃত্বে এসআই সাহাবুদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চারজনকে নিজেদের হেফাজতে নেয়।
আরও পড়ুন:
আটক ব্যক্তিরা হলেন—ইউসুফ হাওলাদার (৪০), গিয়াস উদ্দিন (৫২), রেজাউল (৫০) ও গোপাল সরকার নয়ন (৩৯)।
প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি মাদারীপুর সদর, রাজৈর ও মুন্সীগঞ্জের লৌহজং এলাকায়। তাদের মধ্যে কয়েকজন ঢাকার বংশাল এলাকার একটি কমিউনিটি সেন্টারের ঠিকানায় অবস্থান করতেন বলে জানা গেছে।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে ডাকাত সন্দেহে কয়েকজনকে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’





