গতকাল (রোববার, ২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের রুজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)।
স্থানীয় বাসিন্দা রমজান আলী অভিযোগ করেন, আক্কাস ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। এর আগে পরিবারের কয়েকজন সদস্য মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। জামিনে বের হয়ে তারা আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
আজ রাতে সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়রা তাদের চ্যালেঞ্জ করেন। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘরের পেছনে লুকিয়ে রাখা বিপুল গাঁজা উদ্ধার করেন। এ সময় এর সঙ্গে জড়িত চার নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে মাদক ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত ঝর্ণা আক্তার পালিয়ে গেছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, গাজাসহ আটক চার নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





